আশুলিয়ায় নির্বাচনী কেন্দ্রে পুলিশের ওপর হামলা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর সমর্থকদের হামলায় একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ দুজন পোলিং এজেন্টসহ তিনজনকে আটক করেছে।আজ রোববার ওই ইউনিয়নের ঘোষবাগ ধানমন্ডিতে এ ঘটনা ঘটে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আহমেদ মাস্টার ও মেম্বার পদপ্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ। আহত ওই পুলিশ কনস্টেবলের নাম ওমর ফারুক। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হওয়া দুজন পুলিশ কনস্টেবল হলেন, জাফর কাজী ও মোবারক হোসেন। আটক হওয়া অপরজন হলেন শহীদুল্লাহ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে সুমন ভূঁইয়া ও মুজিবর রহমান নামে দুই ব্যক্তি রোটারি ক্লাব বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভেতর ঢুকতে চান। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে ওই দুজন যুবকের বাগিবতণ্ডা হয়। পরে তাঁরা চলে যান। এ ঘটনার আধাঘণ্টা পর তাঁরা প্রায় দেড় শ লোক নিয়ে কেন্দ্রের মূল ফটক পার হন। কেন্দ্রের ভেতর ঢুকে তাঁরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশের ওই কনস্টেবল আহত হন। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলী আশরাফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোলিং এজেন্টদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হবে।