আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের একটি পোশাক-কারখানার নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।সেনাবাহিনীর একটি দল বিকেল পাঁচটা ৪০ মিনিটে ধ্বংস স্তূপ থেকে আসাদুল মোল্লা নামের একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আকতারুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢালাই দেওয়ার সময় ছাদটি ধসে পড়ে। তখন ৩০ জনের মতো শ্রমিক সেখানে কাজ করছিলেন। দুর্বল নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্মাণকাজে ব্যবহূত মালামাল মানসম্মত না হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।তবে প্রতিষ্ঠানের প্রকৌশলী লে. কর্নেল (অব.) মঞ্জুর হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাণকাজে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।এদিকে দুর্ঘটনার পরপরই সাভার সেনানিবাস থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।এ ব্যাপারে মেজর জিল্লাল প্রথম আলোকে বলেন, ‘ধ্বংসস্তূপের ভেতরে কোনো লাশ রয়েছে কি না, আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।’এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় ডেকু ফ্যাশনের শ্রমিক এবং আসাদুল মোল্লার স্ত্রী আইতুন বেগম দাবি করেন, তাঁর স্বামী ভবনটির নির্মাণের সময় থেকে সেখানে শ্রমিকের কাজ করছিলেন। ঘটনার পর থেকে তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে এবং হাসপাতালেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।