আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক
বেতনের দাবিতে বিক্ষোভের জের ধরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল আজ শনিবার রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। শ্রমিকেরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বেতনের দাবিতে নাসা বেসিকের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ শ্রমিকদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ খবর পার্শ্ববর্তী পোশাক কারখানাগুলোয় ছড়িয়ে পড়লে হাজার হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বের হয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে গোটা আশুলিয়া শিল্পাঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের হটিয়ে পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের জের ধরে সংঘটিত সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আরও জানান।