আশুলিয়ায় পুলিশের অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ১০
শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলাকালে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গত ৩১ জুলাই পুলিশের অস্ত্র, গুলি ও ওয়্যারলেস সেট লুটসহ ভাঙচুরের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল থেকে আজ রোববার পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।আজ রোববার ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ তাঁদের আদালতে পাঠিয়ে দিয়েছে।আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ভিডিও ফুটেজ ও ব্যাপক তদন্তের ভিত্তিতে গত ৩১ জুলাই অস্ত্র, গুলি ও ওয়্যারলেস সেট লুটসহ ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জয়নগর গ্রামের আনোয়ার হোসেন (২০), রংপুরের পীরগাছা উপজেলার বড়পানছিয়া গ্রামের মো. রাজু মিয়া (২০), গাইবান্ধার সাঘাটা উপজেলার হামিলকান্দি গ্রামের মো. বিপ্লব সরকার (২২), টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মেকলা জরিপাড়া গ্রামের মো. রানা (২০), বরগুনার আমতলী উপজেলার উলকানা গ্রামের মো. মাসুদ রানা (২৪), বরিশালের বাবুগঞ্জের মো. আমির হোসেন (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বেড়াখোলা গ্রামের মো. মোশারফ হোসেন (২৪), গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বৈরী হরিনবাজার গ্রামের আনিসুজ্জামান (৩৪), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মেহেরপুর গ্রামের মনির মিয়া (২০) এবং ঝিনাইদহের সনাতনপুর গ্রামের মো. রাজন হোসেন (২০)।