আশুলিয়ায় পুড়ে যাওয়া কারখানায় ২ দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া হা-মীম গ্রুপের ওই পোশাক কারখানাটি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার মেরামত ও নিহতদের স্মরণে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার এ বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন হা-মীম গ্রুপের উপপরিচালক কর্নেল (অব.) দেলোয়ার হোসেন।এরই মধ্যে নিহত ২৬ জনের মধ্যে ১৯ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে সকাল থেকে কারখানার ৯, ১০ ও ১১তলায় মেরামত কাজ শুরু হয়েছে। একই সঙ্গে চলছে উদ্ধার অভিযান। পুলিশ ও র‌্যাব সদস্যরা পুরো কারখানা ঘিরে রেখেছেন।সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কারখানার ওই তিনটি তলায় তল্লাশি চালান। তবে সেখানে কোনো লাশ পাওয়া যায়নি বলে জানান তাঁরা। গতকাল রাত দেড়টার দিকে ওই দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছিল।এদিকে সকাল নয়টার দিকে কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। পরে কাজ শুরুর উদ্দেশে তাঁদের লাইনে বসানো হয়। কিন্তু এ সময় শ্রমিকেরা লাশের দাবিতে বের হয়ে এসে বিক্ষোভ শুরু করেন। পরে র‌্যাব ও পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়।কারখানার ভেতরে ও বাইরে নিখোঁজ শ্রমিকদের এখনো সন্ধান করছেন স্বজনেরা ও সহকর্মীরা। তাঁদের ধারণা ভেতরে আরও লাশ আছে। কয়েকজন শ্রমিক নাম না প্রকাশ করার শর্তে অভিযোগ করে বলেন, গতকাল রাত তিনটার দিকে কারখানা থেকে দুটি কাভার্ড ভ্যান বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই দুটি কাভার্ড ভ্যানে করে অনেক লাশ গুম করা হয়েছে। গতকাল মঙ্গলবারের এ অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লাফিয়ে নামতে গিয়ে ও আগুনে পুড়ে তাঁরা প্রাণ হারান। আহতের সংখ্যা দুই শতাধিক। রাত সাড়ে আটটায়ও কারখানাটির ৯, ১০ ও ১১তলায় থেমে থেমে আগুন জ্বলছিল। এর কিছুক্ষণ পর আগুন নিভে যায়।ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শেখ মো. শাহজালাল গতকাল রাত সোয়া ১১টায় প্রথম আলোকে বলেছিলেন, আগুন নিভে গেছে। প্রতিটি কাপড়ের স্তূপ সরিয়ে দেখা হচ্ছে ভেতরে আগুন আছে কি না। ভেতরে তল্লাশি করে আর কোনো লাশ পাননি বলে জানান তিনি। তিনি বলেন, ১০ ও ১১তলায় তিনি গিয়েছিলেন। ১০তলা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ১১তলায় সবকিছু আগুনে গলে গেছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে দেলোয়ার হোসেন আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাব বলেন, ‘শ্রমিকেরা যখন গতকাল খেতে যায় তখন কারখানার ওই তলার বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার বিষয়টি আমাদের কাছে ঠিক মনে হচ্ছে না।’লাশ হস্তান্তর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৬ জন, সাভার সিএমএইচ থেকে একজন, আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করো হয়ছে।কারখানা কর্তৃপক্ষ এদের মধ্যে ১৭ জনের পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন দিনাজপুরের মোজাম্মেল হোসেন (৫২), ব্রাহ্মণবাড়িয়ার মারুফ (২২), বরগুনার তানিয়া সুলতানা, (১৮), জামালপুরের অঞ্জনা (২৮), দিনাজপুরের ফরিদ (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার হালিমা (২৫), বগুড়ার রুহুল আমিন (২৯), মাদারীপুরের রাসেল (২৫), ময়মনসিংহের বাবুল (২৩), মানিকগঞ্জের হিমেল (২৮), গাইবান্ধার রেজাউল মণ্ডল (২২), বরিশালের রিনা (৩০), ফরিদপুরের দেলোয়ার চৌধুরী (৩০) ও মানসুরা (৩০), বাগেরহাটের মামুন খান (৩৪), সিরাজগঞ্জের সেলিম রেজা (২০) ও শাহ আলম।ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির স্বজনদের হাতে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।