আশুলিয়ায় পোশাক কারখানায় বিক্ষোভ
ঢাকার আশুলিয়ায় গুড়ি বাজারে ফাহামী পোশাক কারখানার চার হাজার শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে জানুয়ারি মাসের বেতন পরিশোধের দাবিতে তাঁরা বিক্ষোভ করছেন।শ্রমিকেরা জানান, গতকাল বুধবারও তাঁরা দিনভর বিক্ষোভ করেন। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় বিক্ষোভকারী শ্রমিকেরা সন্ধ্যায় বাড়ি চলে যান। আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়ে আজকের মধ্যে বেতন পরিশোধের দাবি জানান। কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা তা প্রত্যাখ্যান করেন এবং কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত হেলিকন নামে আরেকটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানালে পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের সেখান থেকে বের করে দেয়। পুলিশ জানায়, শ্রমিকেরা আজ সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করার চেষ্টা করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।