আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস, গুলি
ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে গতকাল সোমবার সকালে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ব্যবহার করে। পরে ওই এলাকার কয়েকটি কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে হা-মীম গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে বেতন-ভাতা বাড়ানো এবং কারখানা বন্ধ থাকার দিনগুলোতে হাজিরা দেখানোর দাবি জানান। তাঁরা শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে এবং তা বন্ধের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। সকাল সোয়া আটটার দিকে শ্রমিকেরা বের হয়ে কারখানাসংলগ্ন আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে সকাল পৌন নয়টার দিকে শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকেরাও পুলিশকে ধাওয়া করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা বাড়ি চলে গেলে সকাল ১০টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিক অসন্তোষের কারণে হা-মীম গ্রুপের বিভিন্ন কারখানাসহ আশপাশের আরও দুটি কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বেতন-ভাতা বাড়ানোসহ কারখানা বন্ধের দিনগুলোতে শ্রমিকদের হাজিরা বহাল রাখার দাবিতে গতকাল কাজ বন্ধ করে তাঁরা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ব্যবহার করে।