আশুলিয়ায় পোশাক-শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকায় আজ সোমবার সকালে এনভয় নামের এক পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ দেখান। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।পরে এনভয়সহ অন্যান্য কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সকাল সাড়ে নয়টা থেকে দেড় ঘণ্টা ধরে অবরোধ করলে রাস্তার দুই পাশে শতশত গাড়ি আটকে পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ওই এলাকার অর্ধশত কারখানা শ্রমিক অসন্তোষের কারণে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।আজ সোমবার সকাল নয়টার দিকে এনভয় পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসনের দাবি জানিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এতে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করে রাস্তায় নেমে আসেন। শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকদের আরেকটি অংশ জামগড়া এলাকার বিভিন্ন কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে বলে। ওই সব কারখানার কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা এতে বাধা দিলে এনভয়ের শ্রমিকেরা অন্তত ১৫টি কারখানায় ভাঙচুর করে রাস্তায় নেমে আসে। এসব কারখানা ভাঙচুরের পর অর্ধশত কারখানা তাত্ক্ষণিকভাবে ছুটি ঘোষণা করা হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে এনভয়ের শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নেমে আসেন। শ্রমিকদের এই সড়ক অবরোধ সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শত শত গাড়ি আটকে পড়ায় উভয় পাশের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ তুলে নেওয়া হয়েছে। গাড়ি চলাচল শুরু হলেও এখনো পর্যন্ত সেখানে যানজট রয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।