আশুলিয়ায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০, আটক ৩
শ্রমিক অসন্তোষের জের ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় আজ শনিবার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে পুলিশ সদস্য পাঁচজন এবং শ্রমিক পাঁচজন। বেলা ১১টার দিকে পুলিশ তিনজন শ্রমিককে আটক করেছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, জামগড়ার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন ও কর্মসূচি পালন করছিলেন। অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ গতকাল রাতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে আসেন। তাঁরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। পরে প্রায় এক হাজার ৭০০ শ্রমিক পার্শ্ববর্তী জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। সকাল নয়টার দিকে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ নিয়ে আধঘণ্টা সংঘর্ষ চলে। এতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন পারভেজসহ ১০ জন আহত হন। পরে সাড়ে নয়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।