আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৩০
আশুলিয়ায় আজ শুক্রবার সকাল আটটার দিকে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে ছয়জন পুলিশসহ ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের প্রায় ৩০টি পোশাক কারখানা বন্ধ আছে। টেক্স টাউন পোশাক কারখানায় শ্রমিকদের আজ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের বেতন দেয়নি ও শ্রমিকদের দাবিদাওয়া শোনেনি। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। কয়েক হাজার শ্রমিক রাস্তার আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে ২০-২৫টি গুলি ছোড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত পোশাক কারখানার মালিক, শ্রমিক, র্যাব ও পুলিশের মধ্যে বৈঠক চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় বেতনের দাবিতে টেক্স টাউন কারখানার শ্রমিকেরা ব্যাপক ভাঙচুরের পর কারখানায় আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। এর জের ধরে আজকের এ ঘটনা ঘটে।