আশুলিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার জমির স্থাপনাসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকার সাভারের আশুলিয়া থানার মির্জানগর এলাকার উত্তর রামচন্দ্রপুর ও টাকসুট মৌজাধীন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৮ শতাংশ জমির ওপর নির্মিত স্থাপনাসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকানাধীন তিন শতাধিক স্থাপনা আজ বুধবার উচ্ছেদ করা হয়েছে।আশুলিয়ায় উচ্ছেদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী টাকসুট মৌজার ৪৬৮ একর জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে উচ্ছেদের শিকার শিল্পপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থাপনার মালিকদের দাবি, ক্রয়সূত্রে তাঁরা ১৫-২০ বছর ধরে এসব জমি ভোগদখল করছেন। বিনা নোটিশে তাঁদের উচ্ছেদ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত বাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও জমির মালিকেরা জানান, আজ বেলা ১১টার দিকে সাভারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুজ্জামান প্রায় তিন শতাধিক শ্রমিক, শতাধিক পুলিশ ও তিনটি বুলডোজার নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মির্জানগর এলাকায় উপস্থিত হন। বিকেল পর্যন্ত তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযানের সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মালিকানাধীন ১৮ শতাংশ জমির ওপর নির্মিত একটি ভবনের পাঁচটি দোকানও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাভারের বিএনপিদলীয় সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৩ সালে আশুলিয়ার মির্জানগর এলাকা থেকে প্রায় ১৮ শতাংশ জমি কেনেন। বছর দশেক আগে সেখানে আধাপাকা মার্কেট নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। বিনা নোটিশে সেই স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।’মির্জানগর এলাকার বাসিন্দা ইউনুস মিয়ার স্ত্রী হালিমা খাতুন জানান, বছর বিশেক আগে ওই এলাকার মুক্তধারা হাউজিং থেকে তাঁর স্বামী ২৪ কাঠা জমি কেনেন। এরপর ওই জমির একাংশে পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। কোনো নোটিশ ছাড়াই আজ দুপুরে তাঁদের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। মালামাল সরানোরও সুযোগ দেওয়া হয়নি। শিল্পপ্রতিষ্ঠান এইচআরসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দ মো. কবীর উদ্দিন বলেন, মির্জানগর জমির প্রকৃত মালিকের কাছ থেকেই জমি কিনে কারখানা স্থাপন করেন তাঁরা। বিনা নোটিশে কারখানার আওতাভুক্ত তিন বিঘা জমির ওপর নির্মিত গুদামঘর ও কয়েক হাজার গাছ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।জমির প্রকৃত মালিকানার দাবিদার অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সৈয়দ ইজাজ আহাম্মেদ বলেন, তাঁরাসহ উত্তর রামচন্দ্রপুর ও টাকসুট মৌজার ৪৬৮ একর জমির প্রকৃত মালিক ২৩৭ জন। ১৯৬৫ সালে এখানে তাঁরা জমি কেনেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ওই সব জমি দখল করে জাল কাগজপত্র বানিয়ে তা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও ব্যক্তি মালিকানায় বিক্রি করেন। তাঁরা আরও বলেন, তাঁরা দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি বুঝে নেন। এ ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাঁদের করার কিছু নেই।এ ব্যাপারে জানতে চাইলে উচ্ছেদ অভিযানে উপস্থিত সাভারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুজ্জামান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযানের নিরাপত্তা নিশ্চিত করছি। এর বাইরে আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়।’সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাব্বি মিয়া বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী ওই জমি দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আদালতের আদেশ কার্যকর করা হয়েছে।’