আশুলিয়ায় বাবার কাছ থেকে শিশুকে অপহরণ
আশুলিয়ার আবদুল্লাহপুর বাইপাইল সড়কে আমেরিকান প্লাজার সামনে বাবার কাছ থেকে শিশু ছেলেকে ছিনিয়ে নিয়ে গেছে অপহরণকারীরা। আজ সোমবার সকাল সাড়ে ছয়টায় দিকে এ ঘটনা ঘটে।বাবা আবদুল লতিফ জানান, তাঁর ছেলে ইব্রাহীম (৮) সাভার সেনানিবাসের ভেতরে অবস্থিত মর্নিং গ্লোরি স্কুলের ছাত্র। সে স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্র এবং স্কুল বাসে যাওয়া আসা করে। প্রতিদিনের মতো তিনি আমেরিকান প্লাজার সামনে ছেলেকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আবদুল্লাহপুর থেকে আসা একটি প্রাইভেটকার এসে তাঁর সামনে থামে। গাড়ির ভেতর থেকে চারজন অপহরণকারী নেমে আবদুল লতিফকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং ইব্রাহীমকে নিয়ে গাড়িতে করে ঢাকার দিকে পালিয়ে যায়।কারা অপহরণ করেছে জানতে চাইলে আবদুল লতিফ বলেন, তিনি অপহরণকারীদের চিনতে পারেননি। তবে এখনো কেউ কোনো মুক্তিপণও চায়নি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, সন্ত্রাসীরা কয়েক দিন আগে একই স্কুলের ছাত্র ফয়সালকে অপহরণ করে মুক্তিপণ চায়। পরে র্যাব পুরান ঢাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।