আশুলিয়ায় বাসের চাপায় শ্রমিকের মৃত্যুর জেরে গাড়ি ভাঙচুর, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ শনিবার ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গাড়ির ভাঙা কাচের আঘাতে অন্তত ২৫ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলাশবাড়ী এলাকায় অবস্থিত পার্ল গার্মেন্টসে যাওয়ার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় মো. সেলিম (২৫) বাসের চাপায় মারা যান। এ দৃশ্য দেখে কয়েক হাজার শ্রমিক ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তাঁরা বাইপাইল থেকে পল্লী বিদ্যুত্ পর্যন্ত সড়কে যানবাহন ভাঙচুর করতে থাকেন। এ সময় যানবাহনের ভাঙা কাচের আঘাতে ২৫ জন যাত্রী আহত হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা কারখানায় ফিরে যান। পরে পার্ল গার্মেন্টসে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।