আশুলিয়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় গতকাল মঙ্গলবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। উলাইল, রেডিও কলোনী, রাজ্জাক প্লাজা, সাভার বাজার, আশুলিয়ার বেরন, জামগড়া, কাঠগড়া, জিরাবো, কলমা, দোসাইদ, নরসিংহপুর, ইউনিক ও বাইপাইলে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন। আশুলিয়া এলাকায় সকাল ১০টায় বন্ধু ডিজাইন নামক পোশাক কারখানা থেকে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। ওই কারখানার তিন তলায় ফাটলের কথা জানতে পেরে শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। এরপর আশপাশের কারখানায় হামলা চালালে শিল্পাঞ্চলের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়।এরপর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। বিক্ষুদ্ধ শ্রমিকেরা রানার ফাঁসি ও স্থানীয় সাংসদকে গ্রেপ্তারের দাবি জানান।এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশের পশ্চিম পাশ খুলে দেওয়া হয় কাল। এখন এক পাশ দিয়ে যানবাহন আসা-যাওয়া করছে।নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে বেনে টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ প্রশাসন মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। গতকাল সকালে উপজেলার আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপগঞ্জের ভুলতায় অবস্থিত রপ্তানিমুখী বেনে টেক্স গার্মেন্টস শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পাওনা ছিল। কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। সোমবার কারখানার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলে শ্রমিকেরা কাজ করতে অনীহা প্রকাশ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে প্রকৌশলীর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার আগে কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ।শ্রমিকদের অভিযোগ, এর আগে বেতন-ভাতার পরিশোধের দাবি জানালে গতকাল মঙ্গলবার সকালে পরিশোধ করা হবে বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু গতকাল সকাল আটটার দিকে তাঁরা কারখানায় এসে গেট বন্ধ দেখতে পান। এ সময় তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা বেতন-ভাতার পাশাপাশি রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান ঘটনাস্থলে যান। তিনি আগামী শনিবার বেতন-ভাতা পরিশোধে কারখানার মালিকের আশ্বাসের কথা জানালে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।এ ব্যাপারে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক মো. শাহজাহান জানান, ‘প্রতিষ্ঠানের দেয়ালে ফাটল রয়েছে বলে শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে আমরা ভবনটি বিশেষজ্ঞ প্রকৌশলীকে দিয়ে দেখানোর পর কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছি। শ্রমিকদের বেশির ভাগেরই বেতন-ভাতা দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদের পাওনা শনিবার পরিশোধ করা হবে বলে তাঁদের জানানো হয়েছে।’সোনারগাঁ (নারায়ণগঞ্জ): কাঁচপুর শিল্পাঞ্চলে এক শ্রমিককে আটক করার প্রতিবাদে এবং সাভারে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার সকালে কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। পরে পুলিশ আটক করা শ্রমিককে ছেড়ে দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। শ্রমিকেরা জানান, সকাল সাড়ে নয়টায় কারখানার সামনে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের মেশিন অপারেটর ফরিদ শ্রমিক দিবসের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় শিল্প পুলিশ তাঁকে আটক করে। খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। সকাল সাড়ে আটটায় আটক হওয়া শ্রমিক ফরিদকে পুলিশ ছেড়ে দেওয়ার পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গার্মেন্টস এর আশপাশের এলাকায় বিজিবি, শিল্প পুলিশ, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।