কেউ বড়শি দিয়ে মাছ ধরছে। কেউ মাছ ধরছে জাল দিয়ে। সেই মাছ আবার পাশেই রাস্তার ধারে বিক্রি হচ্ছে। চারদিকে থই থই পানি। জলরাশির মাঝ দিয়ে চলে গেছে প্রশস্ত সড়ক। সেখানে ভ্রমণপিয়াসীদের প্রাইভেট কারে উচ্চ শব্দে গান বাজছে। আশুলিয়ার এসব দৃশ্য দেখে স্পেনের ইভিসা দ্বীপের কথা মনে পড়ে ফ্রান্সিসকোর।স্প্যানিশ এই ভ্রমণপিয়াসীর পুরো নাম ফ্রান্সিসকো দিয়াজ মিউনস। তাঁর জন্ম ১৯৬৮ সালে। শিল্পচর্চা নেশা ও পেশা। শিল্পকলার টানেই এখন তিনি ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হতে সেপ্টেম্বর মাসে ঢাকায় এসেছেন।ফ্রান্সিসকো জানালেন, এরই মধ্যে চষে ফেলেছেন পুরো ঢাকা শহর। যানজটে বিরক্ত হয়েছেন। তবু বাসে চড়ে একা একা এই শহরে ঘুরে মজা পেয়েছেন। তাঁর ভালো লেগেছে নৌকায় বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময়। নদীর দুই দিকে বড় বড় জাহাজ নোঙর করা। এগুলোর আশপাশ দিয়ে ছোট ছোট নৌকা যাত্রী পারাপার করছে।নদী পার হওয়ার সময় ভয়ও পেয়েছিলেন ফ্রান্সিসকো। কেন ভয় পেয়েছিলেন, তা জানালেন নদীতে ঘোরার সময় তাঁর সঙ্গী চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদ হোসেন। জাহিদের ভাষ্য, নৌকায় করে নদী পার হওয়ার সময় হঠাৎ মেঘে মেঘে আকাশ অন্ধকার হয়ে যায়। তাই ভয় পেয়েছিলেন।নগরের শাঁখারীবাজার ফ্রান্সিসকোর কাছে এক বিস্ময়কর জায়গা। ছোট ছোট ঘরে এত মানুষ কী করে থাকে! শুধু ঘুরে ঘুরেই সময় পার করছেন না ফ্রান্সিসকো। যে কাজে ঢাকায় আসা, সেই শিল্পচর্চাও চলছে সমানে। ঢাকা শহর ও এর বাইরের বিভিন্ন এলাকা ঘুরে এরই মধ্যে বেশ কিছু ছবি এঁকেছেন। এসব ছবিতে উঠে এসেছে এই শহর, এই দেশ। ছবি আঁকার ক্ষেত্রেও এ দেশের নানা উপকরণ ব্যবহূত হয়েছে তাঁর ছবিতে। এর মধ্যে রয়েছে বালু, পাতা, লোহার পরিত্যক্ত তার, জালি ও চট।ঢাকায় এসে আঁকা এই শিল্পীর ছবি নিয়ে বনানীর জলরং গ্যালারিতে চলছে প্রদর্শনী। ফ্রান্সিসকোর ছবির পাশাপাশি বাংলাদেশের শিল্পী শেখ সাব্বির আলমের ছবিও উপস্থাপিত হয়েছে এতে। এই যৌথ প্রদর্শনীতে সহায়তা করেছে শিল্প-সংস্কৃতির সহায়ক সংগঠন ‘আকার’। আজই শেষ হবে এই প্রদর্শনী। ফ্রান্সিসকো জানালেন, স্পেনেও তাঁর ছয়টি একক ও নয়টি যৌথ প্রদর্শনী হয়েছে।ফ্রান্সিসকো এরই মধ্যে বাংলা ভাষায় দু-একটা কথা শিখেছেন। যেমন: ‘কেমন আছেন ভাই’, ‘কী খবর’। এই শহর ও শহরের বাইরের অনেক এলাকা চষে বেড়ালেও আশুলিয়া নিয়েই উচ্ছ্বসিত ফ্রান্সিসকো। ‘বাংলাদেশে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা আশুলিয়া।’