আশুলিয়ায় র্যাবের গুলিতে দুজন নিহত
ঢাকার সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় গতকাল শুক্রবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি রিভলবার, ১০টি গুলি, ছয়টি গুলির খোসা ও দুটি ছোরা উদ্ধার করেছে র্যাব। র্যাবের দাবি, নিহত ব্যক্তিরা ‘ছিনতাইকারী’। তবে তাদের পরিচয় জানাতে পারেনি র্যাব ও পুলিশ।র্যাব-৪-এর সাভার ক্যাম্পের ভাষ্যমতে, সংঘবদ্ধ একটি চক্র গাড়ি ছিনতাইয়ের জন্য গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জিরাব-বিশমাইল সড়কের বিশমাইল এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে র্যাব সদস্যরা সাদা পোশাকে একটি মাইক্রোবাস নিয়ে ওই এলাকায় যান। তাঁরা জিরাবের দিকে কিছু দূর এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাঁদের মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে তাদের পরিচয় জানতে চাইলে ছিনতাইকারীরা র্যাবের উপস্থিতি বুঝে ফেলে। এরপর তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে থাকে। এ সময় র্যাব সদস্যরাও ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই দুজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।র্যাবের সাভার ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদি ইমাম প্রথম আলোকে বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে সাভারের নবীনগর, বাইপাইল, ডেন্ডাবর, বিশমাইল, জিরাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই, গাড়ি চুরি, অপহরণ, হত্যা ও চাঁদাবাজি করে আসছে। গুলিতে নিহত দুজন ওই চক্রের সদস্য।’তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত একজনের নাম হাসান। গত সোমবার আশুলিয়ার বগাবাড়ি এলাকার মর্নিং গ্লোরি স্কুলের এক ছাত্রকে অপহরণের সঙ্গে সে জড়িত। তার বাড়ি মাদারীপুর জেলায়।জানা গেছে, গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে লাশের ছবি দেখে হাসানকে চিহ্নিত করেন তার খালা রেহানা আক্তার। তিনি অভিযোগ করেন, খোঁজ নিতে তিনি আশুলিয়া থানায় গিয়েছিলেন, কিন্তু পুলিশ তাঁকে ভেতরে ঢুকতে দেয়নি। রেহানা ডেন্ডাবর এলাকায় থাকেন।তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম দাবি করেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ লাশ নিতে আসেনি। এ কারণে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা করেছে র্যাব।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও স্কুলছাত্র অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে অপহূত ওই স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদারীপুর সদর উপজেলার চপরিয়া গ্রামের রতন (২৫) ও একই এলাকার সোহাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই অপহরণের সঙ্গে হাসান নামের একজন জড়িত বলে জানা গেছে। তবে র্যাবের গুলিতে নিহত ব্যক্তি সেই হাসান কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।