ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা করে চলতি মাস থেকেই তা কার্যকরের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববারও বিক্ষোভ করেছেন। সকালে ঢাকার আশুলিয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা ও চট্টগ্রামে বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। ক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছু কারখানা ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।সহিংসতা এড়াতে গতকাল আশুলিয়া শিল্পাঞ্চলের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় তিনটি কারখানা। রাতে চট্টগ্রামের কালুরঘাটে হঠাৎ শ্রমিকেরা তিনটি কারখানায় ভাঙচুর চালান। তাঁরা রাস্তায় নেমে যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ সরিয়ে দেয়। সেখানে আটটি কারখানা বন্ধ করে দেওয়া হয়।নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশসহ অর্ধশত লোক আহত হন। এ সময় শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এ ছাড়া গাজীপুরেও দুটি সোয়েটার কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন।শতাধিক কারখানায় ছুটি: আশুলিয়া থানার পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ বন্ধ করে বসে থাকেন। এ অবস্থায় আশুলিয়ার বাইপাইল, জামগড়া, নিশ্চিন্তপুর, ঘোষবাগ ও নরসিংহপুরসহ আশপাশের এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এরপর থেকে জিরাব, জামগড়া ও বাইপাইল এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।সংঘর্ষ চলাকালে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে এবং জলকামান দিয়ে গরম পানি নিক্ষেপ করে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সেখানে শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে শ্রমিকদের ধাওয়া করে। বেলা সাড়ে ১১টার দিকে জামগড়া ও বাইপাইল এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।সকাল ১০টার দিকে আশুলিয়ার জিরাব এলাকায়ও শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়েছে। শ্রমিকেরা আইরিশ ফ্যাশনসহ কয়েকটি কারখানায় ভাঙচুর চালান।পুলিশ জানায়, শনিবারের সহিংসতার কারণে গতকাল জিরাব এলাকার বেশ কিছু কারখানা বন্ধ রাখা হয়। গতকাল সকাল আটটার দিকে ওই সব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ওই এলাকায় খোলা থাকা আইরিশ ফ্যাশনে ইটপাটকেল ছোড়েন। তখন কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে এই কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে তাঁরা জিরাব-সাভার সড়ক অবরোধ করেন। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানেও সংঘর্ষ বাধে। এক ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার পর বেলা ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এর প্রায় এক ঘণ্টা পর থেকে পুলিশের পাহারায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল শুরু হয়। সংঘর্ষ চলাকালে জামগড়া এলাকায় দ্রুতগামী লেগুনার চাপায় রাজু আহমেদ (২০) নামের এক যুবক নিহত হন। যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে তাঁর বাড়ি।সাভারের উনাইল এলাকার এইচআর লিমিটেডের শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা জানান, শ্রমিকনেতা মন্টু ঘোষের মুক্তি ও চলতি মাসের বেতনের সঙ্গে ঘোষিত মজুরি আদায়ের জন্য তাঁরা আন্দোলন করছেন।ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, কোনো একটি গোষ্ঠীর উসকানিতেই পোশাক খাতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, এখানে পোশাক কারখানায় সম্ভাব্য হাঙ্গামা এড়াতে গতকাল বিকেলে নগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। আর রাতেই কালুরঘাট বিসিক শিল্প এলাকায় সানম্যান গ্রুপের আজিম-মান্নান গার্মেন্টসের শ্রমিকেরা রাতের পালার কাজ বন্ধ করে প্রথমে কারখানায় ও পরে আশপাশের অন্তত দুটি কারখানায় ভাঙচুর চালান। পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, একটি গার্মেন্টসের শ্রমিকেরা রাস্তায় বেরিয়ে এসে অন্য কারখানায় কাজ করতে বাধা দেন।আজিম-মান্নান গার্মেন্টসের আয়রন বিভাগের শ্রমিক মোহাম্মদ মানিক বলেন, তিন মাস ধরে মালিকেরা বেতন-ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামে মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এখানে বেতন নিয়ে কোনো সমস্যা নেই।প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা গতকাল জরুরি সভায় পোশাক খাতে নৈরাজ্য রোধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছালাম। মামলা: শনিবার আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় ৩০টি গুলিসহ পুলিশের একটি পিস্তল এবং দুটি ওয়্যারলেস সেট খোয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানার পুলিশ শনিবার রাতে একটি মামলা করেছে। গতকাল বিকেল পর্যন্তও পুলিশ ওয়্যারলেস সেট দুটি উদ্ধার করতে পারেনি। অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক অস্ত্র ও গুলিসহ ওয়্যারলেস সেট লুট হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পুলিশের তুলনায় শ্রমিকেরা সংখ্যায় অনেক বেশি থাকায় তাঁদের প্রতিহত করা সম্ভব হয়নি।ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরি দাবি: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকার পলমল, মাইক্রোফাইবার, লিবার্টি, মেট্রো, ক্যাডটেক্স গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক কর্মস্থলে আসেন। তাঁরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা ও তা ১ আগস্ট থেকে কার্যকর এবং সিপিবি-সমর্থিত গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষের মুক্তির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় তাঁরা বের হতে পারেননি। দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার রামারবাগ এলাকায় অবস্থিত রপ্তানিমুখী মেট্রো নিটওয়্যারের শত শত শ্রমিক পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করতে করতে কারখানা থেকে বেরিয়ে পড়েন।কিছুক্ষণ পর শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেটের মোড়ের দিকে এগোলে পুলিশ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সেখানে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে অর্ধশত শ্রমিক আহত হন।সংঘর্ষের ঘটনার চিত্র ধারণ করতে গিয়ে মেট্রো নিটওয়্যারের সামনে দেশটিভি ও আরটিভির দুজন ক্যামেরাম্যান ঝুট সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাঁদের ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে ক্যামেরা উদ্ধার হয়। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, শ্রমিকেরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত রপ্তানিমুখী সিনহা ও ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা নতুন মজুরিকাঠামো মেনে নিয়ে তা ১ আগস্ট থেকে কার্যকর করার দাবিতে সকাল সাড়ে আটটা থেকে কারখানায় বিক্ষোভ শুরু করেন। এ সময় বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকে।সমাবেশ: গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি মন্টু ঘোষের মুক্তির দাবিতে শহরে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেন সিপিবির নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির নেতা দুলাল সাহা, লক্ষ্মী চক্রবর্তী, শাহানারা বেগম, শরৎ মণ্ডল, আবদুল হাই শরীফ, শিবনাথ চক্রবর্তী প্রমুখ। পরে তাঁরা মিছিল বের করেন।গাজীপুরেও বিক্ষোভ: জেলা সদরের বড়বাড়ি খাইলকুর এলাকায় গতকাল সকালে দুটি সোয়েটার কারখানার শ্রমিকেরা উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। বেলা ১১টার দিকে চুংগি সোয়েটার কারখানার শ্রমিকেরা কাজ বাদ দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মিছিল শুরু করলে লুনা ফ্যাশন নামের আরেকটি সোয়েটার কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও গাজীপুর প্রতিনিধি]