আশুলিয়ায় শিশুকে তিন দিন আটকে রেখে ধর্ষণ
ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি কক্ষে তিন দিন আটকে রেখে এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ইমরান হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুকে উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ইমরানের (৩০) বাড়ি ঢাকার ধামরাইয়ের যাদবপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।পুলিশ ও ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্র জানায়, আশুলিয়ার শিমুলিয়া বাজারে ওই শিশুর বাবার একটি চায়ের দোকান আছে। প্রায় ১৫ দিন আগে ওই দোকানে মেয়েটিকে দেখেন ইমরান। কয়েক দিন পর মেয়েটির বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। এ প্রস্তাবে রাজি না হওয়ায় ইমরান গত বুধবার বিকেলে মেয়েটিকে বাজারে যাওয়ার পথে অপহরণ করেন। পরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ওই বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন ইমরান। মুক্তিপণের টাকা নিতে শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় গেলে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পলাশবাড়ীর বাতানটেক এলাকায় ইমরানের এক আত্মীয়ের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।ওই শিশু প্রথম আলোকে জানায়, ঘটনার দিন বেলা তিনটার দিকে সে তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে শিমুলিয়া বাজারে যাচ্ছিল। পথে ইমরান তাকে জোর করে একটি মাইক্রোবাস তুলে নেন। পরে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। শিশুটির এক আত্মীয় জানান, অপহরণের পর ইমরান মুঠোফোনে তাঁদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মেয়েটিকে জীবিত উদ্ধারের আশায় প্রথমে তাঁরা বিষয়টি চেপে যান। পরে শুক্রবার রাতে আশুলিয়া থানাকে জানান। এরপর মুক্তিপণের টাকা দেওয়ার টোপ দিয়ে ইমারনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শনিবার দুপুরে আশুলিয়া থানায় ইমরানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান ধর্ষণ, অপহরণ ও মুক্তিপণ দাবির কথা স্বীকার করেন। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।