আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে তিন কারখানায় ছুটি
ঢাকার সাভারের শিল্পাঞ্চল আবারও অশান্ত হয়ে উঠছে। শ্রমিক অসন্তোষের মুখে আজ রোববারও আশুলিয়ার জামগড়া এলাকার সেতারা গার্মেন্টস লিমিটেড, এএম ডিজাইন ও সেড ফ্যাশান নামে তিনটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটার দিকে সেতারা গার্মেন্টস লিমিটেডের আড়াই হাজার শ্রমিক কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেন। সকাল নয়টার দিকে কিছু শ্রমিক কাজ বন্ধ করে কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করলে সব শ্রমিক কাজ বন্ধ করে ছোটাছুটি করতে থাকেন। এ অবস্থায় বিশৃঙ্খলতা এড়াতে কর্তৃপক্ষ সাড়ে নয়টার দিকে কারখানাটি ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বের হয়ে যান। গতকাল শনিবারও শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। এদিকে আজ সকাল পৌনে ১০টার দিকে সেতারা গার্মেন্টসের কিছু শ্রমিক জামগড়া এলাকার সেড ফ্যাশানে গিয়ে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে ওই কারখানার কর্তৃপক্ষও কারখানাটি ছুটি ঘোষণা দিয়ে দেয়। ছুটি ঘোষণার পর সকাল ১০টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে বাড়ি চলে যান। বেলা ১১টার দিকে জামগড়ার এএম ডিজাইন নামের একটি পোশাক কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক দুই কর্মকর্তার অপসারণের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা দিয়ে দিলে শ্রমিকেরা যে যাঁর মতো চলে যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজ সকালে তিনটি কারখানায় শ্রমিক অসন্তোষের কথা নিশ্চিত করেছেন।