ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল রোববার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের একাধিক কর্মকর্তা ও পুলিশের আট সদস্যসহ কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা পাঁচটি কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও ফাকা গুলি ছোড়ে।শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ নয়টি কারখানা গতকালের জন্য ছুটি দিয়ে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুই শ্রমিককে আটক করেছে।আশুলিয়া থানার পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জামগড়া এলাকার এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন, এনভয় ডিজাইন ও মান্তা অ্যাপারেলস নামের তিনটি পোশাক কারখানার প্রায় আট হাজার শ্রমিক বেশ কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। গত শনিবার সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দিয়ে মাসিক ন্যূনতম পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের দাবি জানান। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কথা না বলে কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা বাড়ি চলে যান।গতকাল সকাল আটটার দিকে ওই তিনটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে শনিবারের মতোই ন্যূনতম পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের দাবিতে কাজ না করে নিজ নিজ আসনে বসে থাকেন। কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে এবং শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু শ্রমিকেরা কারখানা থেকে বের না হয়ে যাঁর যাঁর আসনে বসে থাকেন। কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে বাগিবতণ্ডা করে শ্রমিকেরা সকাল নয়টার দিকে একযোগে কারখানা থেকে বের হয়ে যান। এরপর তাঁরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকেরাও পাল্টা ধাওয়া করেন। পরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।পুলিশের তাড়া খেয়ে এনভয় গ্রুপের শ্রমিকেরা জামগড়া এলাকার ডি কে গ্রুপ, ওয়াশ অ্যান্ড ডিজাইন লিমিটেড, স্ক্যানডাক, দ্য গ্রিন লাইফ, দ্য রোজ ড্রেসসহ ছয়টি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে কারখানাগুলোর বাইরের কাচ ভেঙে ব্যাপক ক্ষতি হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের তাড়া করে। শ্রমিকেরাও সংঘবদ্ধ হয়ে পুলিশকে তাড়া করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন। এর জবাবে পুলিশও শ্রমিকদের লক্ষ্য করে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১০টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে লিটন মিয়া (২১) ও আবদুর রশিদ (২২) নামের দুই পোশাকশ্রমিককে আটক করে।সংঘর্ষে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, আশুলিয়া থানার শিক্ষানবিশ উপপরিদর্শক শহীদুল হাসান, পুলিশের আট সদস্য এবং প্রায় অর্ধশত শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ এনভয় গ্রুপের তিনটি কারখানা, ডি কে গ্রুপ, ওয়াশ অ্যান্ড ডিজাইন লিমিটেড, স্ক্যানডাক, দ্য গ্রিন লাইফ, দ্য রোজ ড্রেস এবং এ অ্যান্ড ডিজাইন নামের নয়টি পোশাক কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করে।কয়েকজন শ্রমিক বলেন, মাসের শেষে যে বেতন তাঁরা পান, তা দিয়ে খেয়ে-পরে থাকা কষ্টকর। তাই বেতন বাড়ানোর দাবি তোলা হয়েছে। দাবি পূরণ তো দূরের কথা, কর্তৃপক্ষ এ ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলতেই রাজি হয়নি। তাই কাজ বন্ধ করে প্রতিবাদ জানানো হয়। শ্রমিকদের অভিযোগের সত্যতা যাচাই করতে গতকাল পাঁচটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য গেলেও নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমদের মুঠোফোনে কল করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।আশুলিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রেহেনা বেগম ফাঁকা গুলি ছোড়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করার বিষয়টি নিশ্চিত করেছেন।