আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কারখানা ভাঙচুর, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় গতকাল সোমবার দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ১৬টি পোশাক কারখানাসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন। সংঘর্ষের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, জামগড়া এলাকায় এনভয় ডিজাইন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকাল নয়টার দিকে কর্মস্থলে গিয়ে বেতন-ভাতা বাড়ানোসহ পরিবহনের সংকট নিরসনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া ও লাঠিপেটা করে। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতরে ভাঙচুর করেন। এরপর শ্রমিকদের একটি অংশ সকাল সাড়ে নয়টার দিকে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের অপর অংশ জামগড়া ও আশপাশ এলাকার বিভিন্ন করখানায় গিয়ে ওই সব কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। কারখানাগুলোর নিরাপত্তাকর্মীরা বাধা দিলে এনভয়ের বিক্ষুব্ধ শ্রমিকেরা ডিজাইনার জিন্স, এসকান্ডেক্স, শেড ফ্যাশন, সেতারা, শারমিন ফ্যাশন, হিউ অ্যান্ড এপারেলস, ফাইভ ব্রাদার্স, ঈশা ফ্যাশনসহ ১৫টি কারখানায় ভাঙচুর চালান।এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে জামগড়া, নরসিংহপুর, ইউনিক ও ঘোষবাগ এলাকার প্রায় অর্ধশত কারখানায় শ্রমিকদের ওই দিনের জন্য ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণার পর ওই সব কারখানার অধিকাংশ শ্রমিক বাড়ি চলে গেলেও বেশ কিছু শ্রমিক এনভয়ের বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। সকাল পৌনে ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলাকালে জামগড়া থেকে নরসিংহপুর পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে পুলিশের লাঠিপেটায় অন্তত ২৫ জন শ্রমিক আহত হন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে। বেলা সোয়া ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। এনভয় ডিজাইন লিমিটেডের রাজন, নজরুল ইসলাম, সবুজ, মিনহাজসহ আরও অনেক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে তাঁরা দুপুরের খাবার, রাত্রিকালীন ভাতা এবং বেতন বৃদ্ধি ও বকেয়া ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ দাবি পূরণ না করায় গতকাল তাঁরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলেন। তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠিপেটা করায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের বাধায় ভেতরে ঢুকতে না পেরে এনভয় ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপকের (প্রশাসন) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক-পুলিশ সংঘর্ষের কথা নিশ্চিত করে বলেন, এনভয় ডিজাইন লিমিটেড থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষ জামগড়াসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।