আশুলিয়ায় আবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরির দাবিতে নরসিংহপুর এলাকায় অবস্থিত হা-মীম গ্রুপের শ্রমিকেরা আজ সোমবার বেলা আড়াইটার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেছে। পুলিশ তাঁদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একই দাবিতে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায়ও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা আজ হা-মীম গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবরোধ দিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।বিকেল চারটা নাগাদ ওই সড়ক শ্রমিকদের নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে। পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। শ্রমিকেরাও বিভিন্ন জায়গায় দলে দলে অবস্থান করছেন। এর জের ধরে ওই এলাকার অন্তত ১০০টি কারখানা তাত্ক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সড়কের উভয় পাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছাড়া অন্তত অর্ধশতাধিক কারখানায় ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিকে কেন্দ্র করে হা-মীম গ্রুপের শ্রমিক-কর্মকর্তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।