আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে কেব্ল টিভি ব্যবসায়ী খুন
ঢাকার সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক কেব্ল টিভি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও পাঁচজন। ঝুট ও কেব্ল ব্যবসার আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করাসহ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খেজুরবাগান এলাকার সাইফুল ইসলাম এবং একই গ্রামের মোজাম্মেল ও তাঁর চাচা কহিনূর একসঙ্গে ঝুটের ব্যবসা করতেন। এই নিয়ে বিরোধের জের ধরে সাইফুল মাস ছয়েক আগে এ ব্যবসা থেকে সরে দাঁড়ান। এরপর সাইফুল ওই এলাকায় কেব্ল টিভির ব্যবসা শুরু করেন। মোজাম্মেল ও তাঁর চাচা কহিনূর কেব্ল টিভির ব্যবসাও তাঁদের দখলে নেওয়ার জন্য সাইফুলকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ নিয়ে বিরোধের জের ধরে মাসখানেক আগে কহিনূর সাইফুলকে লক্ষ্য করে গুলি করেন। কিন্তু সে সময় সাইফুল অল্পের জন্য প্রাণে বেঁচে যান।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগের বিরোধের জের ধরে মোজাম্মেল ও তাঁর ভাই ইকবাল, চাচা কহিনূর, নূরু, জুয়েলসহ আরও কয়েকজন গতকাল দুপুর দুইটার দিকে খেজুরবাগান স্ট্যান্ডের অদূরে সাইফুলের ভাই সোহরাব হোসেনের ওপর হামলা চালান। এ সময় সোহরাবের চিত্কারে আত্মীয় ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁদের মারধর করে সোহরাবের চোখে টেঁটা দিয়ে আঘাত করে। খবর পেয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলে গেলে বাগিবতণ্ডার একপর্যায়ে ইকবাল তাঁর কাছে থাকা রিভলবার দিয়ে খুব কাছ থেকে তাঁর বুকে পর পর তিনটি গুলি করে। এ সময় হামলাকারীদের চারজনের হাতে চারটি রিভলবার ছিল। সাইফুল মাটিতে লুটিয়ে পড়ার পর তারা সাইফুলের আত্মীয় সেলিম মোল্লার বাড়িতে গিয়ে কয়েকটি গুলি করে। এ সময় তারা সেলিম মোল্লা ও তাঁর স্ত্রী জাহেদাকে মারপিট করে। পরে তারা গুলি করতে করতে সাভারের দিকে চলে যায়।সন্ত্রাসীদের হামলায় নিহত সাইফুলের আরেক ভাই সোহরাব, নিকটাত্মীয় সেলিম মোল্লা ও তাঁর স্ত্রী জাহেদা, জুলুসহ পাঁচজন আহত হয়।সাইফুলের বড় ভাই স্থানীয় রুস্তমপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন অভিযোগ করেন, ঘটনার পর সাইফুলকে একটি বেবিট্যাক্সিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ত্রাসীরা সাভার বাসস্ট্যান্ডের অদূরে রাবেয়া ক্লিনিকের সামনে বেবিট্যাক্সি থামিয়ে খেজুরবাগানে ফেরত পাঠানোর চেষ্টা করে। পরে সাইফুলের মৃত্যু নিশ্চিত হলে সন্ত্রাসীরা চলে যায়। এরপর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালেই সোহরাবকে ভর্তি করা হয়েছে।ঘটনার পর পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূরু ও জুয়েলকে গ্রেপ্তার করে।রাত আটটার দিকে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ঝুট ও কেব্ল ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে সাইফুল নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, মোজাম্মেল ও তাঁর ভাই ইকবাল, চাচা কহিনূর, নূরু ও জুয়েল এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী।