আশুলিয়ায় ৩ কারখানা বন্ধ ঘোষণা, আরও ৩টিতে ছুটি
শ্রমিক অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় এনভয় গ্রুপের তিনটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে কর্তৃপক্ষ কারখানা তিনটি বন্ধ করে দেয়। এ ছাড়া আজ সোমবার সকালে ওই এলাকার ওয়াশিং অ্যান্ড ডিজাইন লিমিটেড, দ্য গ্রিন লাইফ এবং দ্য রোজ ড্রেস নামের তিনটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এনভয় গ্রুপের শ্রমিকেরা জানান, আজ সোমবার সকালে কাজে এসে তাঁরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা সমবেত হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।পুলিশ জানায়, কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা নয়টার দিকে কারখানার পাশে একটি মাঠে জড়ো হওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে কয়েক হাজার শ্রমিক সকাল সাড়ে নয়টার দিকে আশুলিয়ার রূপায়ণ এলাকায় জড়ো হলে পুলিশ তাঁদের ধাওয়া করে। বেশ কিছু সময় ধরে চলে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে এনভয় গ্রুপের তিনটি কারখানার প্রায় আট হাজার শ্রমিক আন্দোলন চালিয়ে আসছেন। সর্বশেষ গতকাল শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন। শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত হন ১০ জন পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক।