আশুলিয়ায় ৪টি পোশাক-কারখানায় শ্রমিক অসন্তোষ
সাভারের আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকায় ওশান গেট সোয়েটার নামের একটি পোশাক-কারখানায় দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে আরও তিনটি পোশাক-কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।আশুলিয়া থানা পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওশান গেট সোয়েটার কারখানার শ্রমিকেরা আজ সকালে কর্মস্থলে গিয়ে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করেন।দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার অধিকাংশ শ্রমিক কারখানা থেকে বের হয়ে কারখানার সামনে বিক্ষোভ করেন। এ সময় ভেতরে থাকা শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বাইরের বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে।অধিকাংশ শ্রমিকেরা অভিযোগ করেন, অনেক দিন ধরেই মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন। দাবি জানালেই মালিকপক্ষের লোকজন ভাড়াটে লোকজন দিয়ে শ্রমিকদের ওপর নির্যাতন চালান। আজও বহিরাগত লোকজন বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলা চালান।অন্যদিকে গত মাসের বেতনের দাবিতে ডিইপিজেডের ভেতরে ‘আমরা অ্যাপারেলস’ নামের একটি পোশাক-কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেন। পরে বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা পুনরায় কাজে যোগ দেন।কারখানার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান জানান, নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে না পাড়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বসে থাকেন। পরে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানো হয়।এদিকে পারিশ্রমিক বাড়ানোর দাবিতে ডিইপিজেডের ভেতরে অবস্থিত ‘এ ওয়ান’ ও ‘হেলিকন’ নামের দুটি পোশাক-কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করছেন। বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ও শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মোকলেসুর রহমান চারটি কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বকেয়া বেতন ও পারিশ্রমিক বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন।