আশ্বস্ত নয় বিএনপি
টিপাইমুখ বাঁধ প্রকল্পে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু হবে না বলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আশ্বাস দিয়েছেন। টিপাইমুখ বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়ার লেখা চিঠির জবাবে মনমোহন সিং এ আশ্বাস দেন। গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে মনমোহনের দেওয়া চিঠির বিষয়বস্তু প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তবে ভারতীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত নয় বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞদের কারিগরি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১০ জেলার প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকা, কৃষি, নৌ-চলাচল, মৎস্য সম্পদ, পরিবেশ-প্রতিবেশ ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, প্রকল্পটি এতই ক্ষতিকর যে, এর বিরুদ্ধে ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের মানুষ ৪০ বছর ধরে আন্দোলন করছে।গত ২১ নভেম্বর খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন। এর পাঁচ দিন পর ২৬ নভেম্বর মনমোহন চিঠির জবাব পাঠান। মির্জা ফখরুল বলেন, মনমোহন সিং চিঠিতে বলেছেন, টিপাইমুখ বাঁধ কোনো সেচ প্রকল্প নয়। এটা মূলত বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে। ২০০৯ সালে বাংলাদেশ থেকে একটি সংসদীয় প্রতিনিধিদল ভারত সরকারের আমন্ত্রণে টিপাইমুখ প্রকল্প এলাকা পরিদর্শন করে। প্রতিনিধিদলকেও অবহিত করা হয়েছে যে টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোনো এলাকার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারত কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ক্ষতিকর এই প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এর বিরুদ্ধে সরকারের কার্যকর ভূমিকা নেওয়ার দরকার ছিল। কিন্তু সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ২০০৯ সালে সংসদীয় দল টিপাইমুখ বাঁধ নির্মাণের স্থান পরিদর্শন না করে ফিরে আসে। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যৌথ বিশেষজ্ঞ দল টিপাইমুখে পাঠানোর প্রস্তাব দেন। তিনি দুই পক্ষের মধ্যে আলোচনা ছাড়া বাঁধ নির্মাণ না করার অনুরোধ জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘সরকার কেন এই প্রকল্প এলাকায় যৌথ সমীক্ষা দাবি করছে না, তা প্রশ্নবিদ্ধ।’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।