আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে মওদুদের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ না করার বিষয়ে আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ সোমবার মতিঝিলে নিজ চেম্বারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান। মওদুদ আহমদ দাবি করেন, ১৩ নভেম্বর বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করতে গেলে তাঁর আইনজীবীরা প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে দেখা করতে যান। প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসায় ওই সাক্ষাতে তিনি তাঁদের আশ্বাস্ত করেছিলেন যে সরকার খালেদাকে উচ্ছেদ করবে না। সরকার তা কোনোভাবেই করতে পারে না বলেও তিনি আশ্বস্ত করেছিলেন।তবে প্রধান বিচারপতি খালেদার আইনজীবীদের এমন আশ্বাস দিয়েছিলেন কি না—প্রশ্ন করলে মওদুদ আহমদ বলেন, ‘আমরা মিথ্যা বলছি না।’ তিনি আরও বলেন, সরকার খালেদা জিয়াকে জোর করে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করায় দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে। এর দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে বলে তিনি সতর্ক করে দেন।মওদুদ বলেন, আপিলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা বেআইনি। আপিল আবেদনের ভেতরেই হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। তাই আলাদা করে স্থগিতাদেশ চাওয়ার কিছু নেই।