আশ্বাস বাস্তবায়ন হলেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাওয়া আশ্বাসের পূর্ণ বাস্তবায়ন হলেই ক্লাসে ফিরে যাবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তাঁরা।ক্লাসে ফেরার ঘোষণা দিলেও উপাচার্যের অপসারণের বিষয়ে এখনো অনড় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে এ জন্য শিক্ষামন্ত্রীর উদ্যোগের অপেক্ষায় আছেন তাঁরা। আপাতত উপাচার্য বহাল থাকা অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বুয়েটের সহ-উপাচার্যকে প্রত্যাহার এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো করতে কিছু আইনি ধাপ পার করতে হয় এবং খুব শিগগির সব আশ্বাস পূরণ হয়ে যাবে। শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ক্লাস শুরু হলে পরিবেশও ঠিক হয়ে যাবে।শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সহ-উপাচার্যকে প্রত্যাহার, মামলাসংক্রান্ত সব জটিলতার পূর্ণ নিষ্পত্তি, হল প্রশাসনসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক রদবদল—এই তিনটি আশ্বাসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে প্রস্তুত।উপাচার্যের অপসারণের বিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, ‘উপাচার্যের পদত্যাগ বা অপসারণের বিষয়ে শিক্ষার্থীদের দাবিটি অত্যন্ত স্পষ্ট। বর্তমান উপাচার্য থাকা অবস্থায় বুয়েটের ঐতিহ্য ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় এবং বুয়েটের একাডেমিক কার্যক্রম তথা সার্বিকভাবে বুয়েট কোনোক্রমেই নিরাপদ নয়।’ এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে পাওয়া আশ্বাসের বাস্তবায়ন চেয়ে বলা হয়, বুয়েটের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার এবং রক্ষার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তার সবকিছুই করা হবে বলে শিক্ষামন্ত্রী প্রত্যক্ষ নিশ্চয়তা দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো প্রকার একাডেমিক অবিচার, শারীরিক লাঞ্ছনা এবং প্রশাসনিক হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থাপূর্বক সেটির সমাধান করা হবে বলে মন্ত্রী নিশ্চিত করেছেন। শিক্ষার্থী প্রতিনিধি সুদীপ্ত সাহা লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় উপস্থিত ছিলেন অভীক রায়, মেরিনা জাহান, ফাহিম তানভির প্রমুখ। শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন শেষে এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম উপাচার্যের অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তিনটি আশ্বাস বাস্তবায়ন করতে দু-তিন দিন সময় লাগতে পারে। এরপর ক্লাস শুরু করতে পারব আমরা।’ এখন ক্লাস শুরুর পরিবেশ তৈরি হয়েছে বলেও বক্তব্য দেন তিনি। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ এহসান, এ কে এম মাসুদ, হুমায়ুন কবির প্রমুখ।