আশ্বাস মেনে নেয়নি শ্রমিকেরা, আশুলিয়ায় আজও বিক্ষোভ
ঢাকার আশুলিয়া থানার আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার কারখানার শ্রমিকেরা পারিশ্রমিক বাড়ানোর কর্তৃপক্ষের আশ্বাস না মেনে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সোয়েটারপ্রতি ১০ টাকা পারিশ্রমিক বাড়ানোর আশ্বাস প্রত্যাখ্যান করে শ্রমিকেরা কাজ যোগ না দিয়ে সকাল আটটা থেকে বিক্ষোভ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে প্রায় অর্ধেক শ্রমিক বাড়ি চলে গেছে। কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে।সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানো, পুলিশি হয়রানি বন্ধ এবং শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধসহ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ওই কারখানার শ্রমিকেরা বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছিল। গতকাল সকালে শ্রমিকেরা কারখানার পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। দফায় দফায় ওই সংঘর্ষে পাঁচ পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত হওয়ার পর গতকাল মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক বসেন। ওই বৈঠকে সোয়েটারপ্রতি পারিশ্রমিক ১০ টাকা বাড়ানোর আশ্বাস দেন মালিক পক্ষ।