আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর প্রভাবে খুলনা, বাগেরহাট,মংলা ও সুন্দরবনের বেশিরভাগ এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে। এসব এলাকার অনেক আশ্রয়কেন্দ্র থেকেই মানুষেরা নিজের এলাকায় ফিরে যাওয়া শুরু করেছেন। কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর। খুলনা: খুলনা সদরসহ আশেপাশের উপজেলাগুলোতে গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আকাশে রোদ উঠেছে। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর থেকে বৃষ্টি থেমে গেছে। খুলনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল পর্যন্ত ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনায় ঝড়ের কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান। তবে আজ ও কাল দু’দিন ধরে খুলনায় বৃষ্টি হতে পারে। বাগেরহাট:ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বাগেরহাট উপকূল অতিক্রম করেছে। ‘মহাসেন’ এর প্রভাবে ভোররাত থেকে জেলার সর্বত্র ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়। জেলার কোথাও প্রাণহানি বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় কিছু গাছ উপড়ে গেছে এবং সাউথখালী ইউনিয়নের বগি গ্রামে কিছু কাঁচা ও টিনের ঘরের ক্ষতি হয়েছে। শরণখোলা উপজেলায় আশ্রয়কেন্দ্র থেকে মানুষেরা দুপুর ১২টার পর থেকে ঘরে ফিরে গেছেন। কৃষি বিভাগ জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর চারটা পর্যন্ত বাগেরহাটে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে জেলায় আউশ ধানসহ সবজির ক্ষয়ক্ষতি হয়েছে।মংলা: মংলা বন্দরে আবহাওয়া বিভাগের দেওয়া ৫ নম্বর বিপদ সংকেত এখনও বহাল রয়েছে। জাহাজে পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে। মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেছেন, ঝড়ের পর স্বেচ্ছাসেবকেরা আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার দিচ্ছেন। মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী মোক্তাদির হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর কারণে মংলা বন্দরের কোনো ক্ষতি হয়নি। সুন্দরবন:সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরী জানিয়েছেন, ঝড়ে পূর্ব সুন্দরবনে কোনো ক্ষতি হয়নি। পূর্ব সুন্দরবনের ৩৫টি ক্যাম্প ও স্টেশনে কর্মরত চার শতাধিক বনকর্মী নিরাপদে আছেন। ঝুঁকিপূর্ণ সাতটি ক্যাম্প থেকে যেসব বনকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল তাঁরা বিকেলের পর এলাকায় ফিরে যাবেন।