আশ্রয়কেন্দ্র ও রাস্তার জন্য ১৮৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৭ কোটি টাকা ব্যয়ে দেশের দক্ষিণাঞ্চলের নয়টি জেলায় ৫০টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, ৪০টি আশ্রয়কেন্দ্র সংস্কার এবং ৫০ কিলোমিটার রাস্তা তৈরির জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দাতা দেশগুলোর সহযোগিতায় গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিজিলিয়েন্স ফান্ডের (বিসিসিআরএফ) গভর্নিং কাউন্সিলের প্রথম সভায় গতকাল বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়।এই তহবিলের অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন তদারক ও মূল্যায়নের জন্য পিকেএসএফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সহায়তা প্রদানের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে একটি সচিবালয় গঠনের জন্য দুই লাখ ডলার দেওয়ার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এবং দাতাদের পক্ষে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন, ইউরোপীয় ইউনিয়ন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিল্কো ভেন গুল ও ডিএফআইডির ওয়াল্যান্ডা রাইট উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, ইআরডির সচিব মোশাররফ হোসেন ভূইয়া, পরিবেশ ও বন সচিব মেজবাহ উল আলম, গভর্নিং কাউন্সিলের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসলাম ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ আকতার হোসেন সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এ তহবিলের জন্য বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে প্রায় ১৪৭ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি পেয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য সরকারের কাছ থেকে আরও ১০ মিলিয়ন ডলার এবং অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকে ১৬ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, সভায় আরও ৪৭ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের দুটি প্রকল্প নিয়ে আলোচনা হয়। প্রকল্প দুটি হচ্ছে নোয়াখালী-উড়িরচর-সন্দ্বীপ ক্রসবাঁধ নির্মাণ এবং উপকূলীয় অঞ্চলে বনায়ন। মন্ত্রী আগামী সভায় এই দুটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়ার আশা প্রকাশ করেন।