আসছে ক্যালকাটা কয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছে গণসংগীতের দল ক্যালকাটা কয়্যার। আগামী ২৮ মার্চ সত্যেন সেন গণসংগীত উৎসবের উদ্বোধনী দিনে গান করবে ভারতের কলকাতার এই দলটি। চতুর্থবারের মতো এই উৎসব আয়োজন করছে উদীচী। সংগঠনটির ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, প্রখ্যাত গণসংগীতশিল্পী কল্যাণ সেন বরাটের নেতৃত্বে ক্যালকাটা কয়্যারের ২৬ জনের একটি দল ঢাকায় আসবে উৎসবের আগের দিন। ৩০ মার্চ সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজন করা হবে ক্যালকাটা কয়্যারের একক গানের অনুষ্ঠান। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে তিন বছর ধরে আয়োজন করা হচ্ছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। তিন দিনের এই উৎসব আয়োজন করা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে। এদিকে উৎসব উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে এবং জাতীয় পর্যায়ে আয়োজন করা হচ্ছে গণসংগীত প্রতিযোগিতা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার কার্যক্রম। ওই দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে ঢাকা জেলার প্রতিযোগিতা। তার আগে আগ্রহীদের ১৪/২ তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অথবা বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় ৫০২ নম্বর উদীচীর স্টল থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।