আসছে বইয়ের মেলা
দুয়ারে কড়া নাড়ছে ফেব্রুয়ারি মাস। আর শাহবাগের আড্ডায় ক্রমশ বাড়ছে লেখকের সংখ্যা। সেসব আড্ডার বড় একটা অংশজুড়ে থাকছে অমর একুশে গ্রন্থমেলা ২০১০। আয়োজক বাংলা একাডেমীর প্রস্তুতি নিয়েও কথা হয় তাতে। এমনই এক আড্ডায় কান পেতে শোনা গেল দুটি জিজ্ঞাসা——এইবার নাকি বহেরাতলায় লেখককুঞ্জ হইবো।—তাহলে লিটলম্যাগ চত্বর হইবো কোথায়?আসলেই কি বহেরাতলায় লেখককুঞ্জ হবে? তাহলে লিটলম্যাগ চত্বর হবে কোথায়? এমন দুই প্রশ্নে বাংলা একাডেমীর উপপরিচালক মুর্শিদ উদ্দিন আহমেদ জানান, বহেরাতলায় লেখকদের আড্ডা দেওয়ার একটা জায়গা থাকবে। আর লিটলম্যাগ চত্বর থাকবে এর আশপাশেই। তবে এবার তার আদল কিছুটা বদলে যাবে। এবারের মেলায় শিশুদের ও মুক্তিযুদ্ধের বইয়ের আলাদা চত্বর থাকছে।কিছু বদল, কিছু সংযোজন নিয়ে বইমেলার জন্য প্রস্তুত হয়ে উঠেছে বাংলা একাডেমী প্রাঙ্গণ। গতবারের মতোই প্রাঙ্গণের বাইরের রাস্তায়ও বসছে কিছু স্টল। বইমেলায় সবমিলিয়ে স্টল থাকছে ৪৫০টিরও বেশি। আগামীকাল থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। ছুটির দিন খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে ২১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। আগেরবারের মতোই বইমেলায় ঢুকতে বইপ্রেমীদের কোনো টিকিট লাগবে না। মেলা থেকে বইপ্রেমীরা ২৫ শতাংশ ছাড়ে বই কিনতে পারবে। তবে বাংলা একাডেমীর বই পাওয়া যাবে প্রচলিত ছাড়েই। মেলা প্রাঙ্গণ থাকবে ধূমপান মুক্ত। মেলায় কাগজ, কাগজের থলে, চটের থলে, পাটের রশি ব্যবহার করা যাবে। তবে পলিথিনের থলে ব্যবহার করা যাবে না। মেলায় প্রাথমিক চিকিত্সার কেন্দ্র থাকবে। অগ্নিনির্বাপণের জন্য প্রস্তুত থাকবেন দমকল বাহিনীর একদল কর্মী। মেলার জন্য করা হয়েছে অস্থায়ী কিছু শৌচাগার। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতবারের মেলায় পকেট থেকে টাকা ও মুঠোফোন খোয়া যাওয়ার কথা শোনা গেছে। আবার মেলায় কিছু বখাটে মেয়েদের বিরক্ত করার চেষ্টা করেছে। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলা একাডেমীর উপপরিচালক মুর্শিদ উদ্দিন আহমেদ জানান, পকেটমার ও বখাটেদের দৌরাত্ম্য দমনে সাদা পোশাকে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীরা।প্রকাশিত বই জাতীয় গ্রন্থাগার ও আরকাইভসে জমা দেওয়া বাধ্যতামূলক। গতবার মেলায় বই জমা নেওয়ার জন্য তাদের স্টল ছিল। কিন্তু তাতে খুব বেশি বই জমা পড়তে দেখা যায়নি। মেলায় এক প্রকাশকের স্টলে আরেক প্রকাশকের বই বিক্রি করা যাবে না। আবার মেলায় অননুমোদিত বা বেআইনিভাবে প্রকাশিত বই বিক্রি করা যাবে না।প্রতিবছর মেলায় এসব নিয়মের লঙ্ঘন করেন গুটিকয়েক অসাধু প্রকাশক। তাঁদের প্রতিরোধে টাস্কফোর্স কাজ করবে বলে জানান বাংলা একাডেমীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।২০১০ সালের বইমেলার ‘নীতিমালা ও নিয়মাবলি’ ঘেঁটে দেখা গেল, অঙ্গসজ্জা ও নান্দনিক সৌকর্য বিবেচনায় মেলার সেরা স্টলকে দেওয়া হবে পুরস্কার। আবার ২০০৯ সালের সেরা গ্রন্থের প্রকাশককে দেওয়া হবে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’। বইমেলার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা বেঁচে থাকতে স্বীকৃতি বা সম্মাননা তেমন একটা পাননি। তাঁরই নামে পুরস্কার প্রবর্তন করাকে একটি মহতী উদ্যোগ হিসেবে দেখছেন সবাই।প্রকাশক চিত্তরঞ্জন সাহা এককভাবে যে মেলা শুরু করেছিলেন, এখন সে মেলায় দেখা যাচ্ছে পাঠক-লেখক-প্রকাশকের উপচেপড়া ভিড়। তাই বাংলা একাডেমী প্রাঙ্গণের চেয়ে বড় কোনো মাঠে বইমেলা নিয়ে যাওয়ার জন্য জোর প্রচার উঠেছিল এবার। ঐতিহ্যের কথা বলে অনেকে আবার বাংলা একাডেমী প্রাঙ্গণেই দেখতে চান মেলা। এবার অবশ্য তাঁদেরই জয় হয়েছে। তবে সময়ের প্রয়োজনে আর বাংলা ভাষার পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমীর অন্যান্য কাজকে নির্বিঘ্ন করতে বইমেলাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার পক্ষেই মত দিচ্ছেন অনেকে। এ প্রসঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রচার সম্পাদক এবং শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান জানান, দিনে দিনে মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এ জন্য জায়গার দরকার হচ্ছে বেশি। অথচ নতুন ভবন তৈরি হওয়াতে মেলার পুকুরপাড়ের জায়গাটায় স্টল করা যাচ্ছে না। এ জন্য মেলাকে দর্শনীয় করতে হলে অন্য কোনো বড় জায়গায় সরিয়ে নেওয়া উচিত। কারণ একুশে বইমেলার প্রচার-প্রচারণার কারণে প্রচুর বইপ্রেমী আসে। কিন্তু মেলার ভিড়ের কারণে তারা নির্বিঘ্নে ঘুরতে পারে না। জায়গার অভাবেই মূলত বইমেলায় কাঁচাবাজারের মতো পরিবেশ তৈরি হয়। অথচ বইপ্রেমীরা একটু খোলামেলা পরিবেশে বই দেখতে চায়।তবে অনেকে মনে করেন, ভুঁইফোড় প্রকাশকদের স্টল না দিয়ে শুধু প্রকৃত প্রকাশকদের স্টল দিলে বইমেলার গিজগিজ ভাবটা একটু কমবে। এ জন্য বইমেলায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় স্টল বরাদ্দ করা বন্ধ করতে হবে। চারদলীয় জোট সরকারের সময় দলীয় বিবেচনায় কোনো কোনো ভুঁইফোড় প্রকাশক স্টল নিতেন। এখনকার মহাজোট সরকারের সময়ও এমন কিছু প্রকাশক সক্রিয়। এসব কথাও শোনা যায় বোদ্ধাদের আড্ডায়। যেসব আড্ডার বেশির ভাগ বসে শাহবাগ মোড়ের আশপাশে।