আসছে ‘বাংলাদেশি আইডল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হতে যাচ্ছে বিশ্বখ্যাত সংগীতভিত্তিক রিয়েলিটি শো আইডলের বাংলাদেশ সংস্করণ ‘বাংলাদেশি আইডল’। যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ডেলটা বে জানিয়েছে, শিগগিরই শুরু হবে ‘বাংলাদেশি আইডল’-এর আনুষ্ঠানিক কার্যক্রম।ডেলটা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল বললেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ টিভি অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল মিডিয়ার (যুক্তরাজ্য) সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তারা এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে থাকছে। আইডল সিরিজের আন্তর্জাতিক মান পুরোপুরি বজায় রেখেই আমরা “বাংলাদেশি আইডল” আয়োজনের পরিকল্পনা সাজাচ্ছি। এরই মধ্যে অনুমোদনের জন্য বাংলাদেশের সম্ভাব্য বিচারকদের পরিচিতি আইডল সদর দপ্তরে পাঠানো শুরু করেছি। প্রতিযোগীদের নাম নিবন্ধনের প্রচার কার্যক্রম শুরু করব অচিরেই।’মুকুল জানান, অনুষ্ঠানটি কোন চ্যানেলে প্রচারিত হবে, সে প্রশ্নের উত্তর জানতে আর কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।দর্শকদের ভোটে এই রিয়েলিটি অনুষ্ঠানে সেরা গায়ক বা আইডল নির্বাচিত হন। যুক্তরাজ্যের ‘পপ আইডল’ ঘরানায় তৈরি ‘আমেরিকান আইডল’ প্রথম প্রচারিত হয় ২০০২ সালে ফক্স টেলিভিশনে। সম্প্রচার শুরু হওয়ার পরপরই দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে এই অনুষ্ঠান। এখন পর্যন্ত মার্কিন টিভি ইতিহাসে অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘আমেরিকান আইডল’। এর ভারতীয় সংস্করণ ‘ইন্ডিয়ান আইডল’ও তুমুল জনপ্রিয়।