আসছেন ভিক্টর কসাকভস্কি
তারেক মাসুদ মাস্টার্স ক্লাসের প্রথম আসরটি পরিচালনা করবেন বার্লিনভিত্তিক রুশ চলচ্চিত্রনির্মাতা ভিক্টর কসাকভস্কি। আয়োজনটি করেছে ফিল্মি-বাহাস। স্বকীয় ধারার চলচ্চিত্র নির্মাণের একজন পুরোধা ব্যক্তিত্ব ভিক্টর তাঁর ছবির পরিচালনা, চিত্রায়ণ ও সম্পাদনার কাজ নিজেই করে থাকেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ভিক্টরের ছবি শতাধিক পুরস্কার অর্জন করেছে।জানা গেছে, চলচ্চিত্রসংক্রান্ত কথোপকথন ও গঠনমূলক বিতর্কের এক মিলনকেন্দ্র ‘ফিল্মি-বাহাস’। উদীয়মান নির্মাতা, তরুণ চলচ্চিত্র পেশাদার, সংগঠক ও চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য বিশ্বের বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতাদের নিয়ে আসরের ধারণায় তারেক মাসুদ মাস্টার্স ক্লাসের যাত্রা শুরু হচ্ছে।১৬ জানুয়ারি সকাল নয়টা থেকে কারওয়ান বাজারে ডেইলি স্টার পত্রিকার কনভেনশন সেন্টারে আয়োজন করা হচ্ছে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা কার্যক্রম।আগ্রহীদের ৭ জানুয়ারির মধ্যে www.filmy-bahas.info ঠিকানায় নিবন্ধন করতে হবে।