শেষ পর্যন্ত নেত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার বিকেলে কলকাতা ও দিল্লিতে দুটি পৃথক সাংবাদিক সম্মেলনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছেন কলকাতায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কংগ্রেসের নেতা শাকিল আহমেদ।গতকাল শুক্রবার সোনিয়া গান্ধীর অনুরোধ উপেক্ষা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বাদ দিয়ে ২৯৪ আসনের বিধানসভার ২২৮টি আসনে তাঁর দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফলে আসন সমঝোতা নিয়ে নতুন করে জট বাঁধে এই দুই দলের মধ্যে। তখন মমতা ৬৪টি আসন কংগ্রেসের জন্য রেখে দিয়েছিলেন।এ ঘটনার পর কংগ্রেস-তৃণমূল জোট ভাঙনের মুখে পড়ে। সোনিয়া গান্ধী বিদেশে থাকায় কংগ্রেসও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তাই তারা নেত্রীর ফেরার অপেক্ষায় ছিল।সোনিয়া গান্ধী গতকাল রোববার দিল্লিতে ফিরে জোট সক্রিয় করার কাজ শুরু করেন এবং কংগ্রেসের নেতা প্রণব মুখোপাধ্যায়, জনার্দন পূজারি ও শাকিল আহমেদের সঙ্গে কথা বলেন। এরপর সোনিয়ার বার্তা চলে যায় মমতার কাছে। অবশেষে মমতা আরও একটি আসন একটি ছাড়তে সম্মত হন। মমতা একই সঙ্গে তিনটি আসন বদল করতেও সম্মত হন। কংগ্রেসও তা মেনে নেয়।ফলে এখন ২৯৪ আসনের বিধানসভায় তৃণমূল লড়বে ২২৯টি আসনে এবং কংগ্রেস লড়বে ৬৫টি আসনে। তৃণমূল অবশ্য তার ভাগের ২২৯টি আসনের মধ্য থেকে দুটি আসন শরিক এসইউসিআইকে দিয়েছে।তৃণমূলের ইশতেহার: মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এতে উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিল্প-স্বাস্থ্য ও সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক ও নিরপেক্ষ পশ্চিমবঙ্গ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে।