আসন শূন্য হলে উপনির্বাচন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি সংসদ থেকে পদত্যাগের ইঙ্গিত দিলেও তাতে কোনো সংকট সৃষ্টি হবে না। সাংবিধানিক নিয়মেই শূন্য আসন পূরণ হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, সাংসদেরা পদত্যাগ করলে তা কীভাবে পূরণ করতে হয়, সেটা সংবিধানেই বলা আছে। আর পদত্যাগ কীভাবে করতে হয়, সেটাও সংবিধানে উল্লেখ রয়েছে। তাঁরা যদি পদত্যাগ করেন, সে ক্ষেত্রে শূন্য আসনে উপনির্বাচন হবে। এ নিয়ে কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না।সুরঞ্জিত সেন আরও বলেন, পদত্যাগের হুমকি দেওয়া যেতে পারে। কিন্তু এ দেশের রাজনীতিতে এমন নজির কমই আছে।একদলীয় সংসদ কোনো দিনই মেয়াদ পূর্ণ করতে পারে না—সাকা চৌধুরীর এ মন্তব্য সম্পর্কে সুরঞ্জিত বলেন, মহাজোটে বহুদল আছে, সে ক্ষেত্রে একদলীয় সংসদের প্রশ্নই আসে না। তা ছাড়া বিএনপি পদত্যাগ করলে তাদের ছেড়ে দেওয়া আসনে অন্য ৩০টি দলও নির্বাচিত হয়ে আসতে পারে।বিএনপির হরতাল কর্মসূচির সমালোচনা করে সুরঞ্জিত বলেন, সরকারের বিরুদ্ধে হরতাল করার অধিকার সবারই আছে। কিন্তু বিএনপির এ হরতাল সরকারের বিরুদ্ধে নয়; বরং আদালত তথা রাষ্ট্রের বিরুদ্ধে। অতীতে বিচারব্যবস্থার বিরুদ্ধে কখনো হরতাল হয়নি। এ হরতাল ডেকে তারা আইন লঙ্ঘন করেছে। জনগণের সমস্যা সমাধানের জন্য নয়, তারা খালেদা জিয়ার বাড়ি এবং তারেক ও আরাফাত রহমানের জন্যই হরতাল ডেকেছে। খালেদা জিয়ার বাড়িসংক্রান্ত আপিল আবেদনের শুনানি হবে ২৯ নভেম্বর। সুরঞ্জিতের মতে, আদালতকে ভয় দেখানোর জন্যই বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই দিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। তিনি বলেন, অসাংবিধানিক সরকারকে উৎখাতে হরতাল ডাকা যায়। কিন্তু নির্বাচিত সরকারকে উৎখাতে হরতাল করা যায় না। হরতাল রাষ্ট্রবিরোধী হলে তা প্রতিরোধ করার অধিকারও জনগণের আছে।