আসন সংকট হবে না তবে ভর্তি কঠিন হবে ভালো প্রতিষ্ঠানে
এইচএসসি পাসের পর বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রথম লক্ষ্য থাকে সরকারি মেডিকেল কলেজ কিংবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়া। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু বিজ্ঞানেই জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৪০২ জন শিক্ষার্থী।সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন আছে দুই হাজার ১১০টি, আর বুয়েটে রয়েছে ৯৬৫ আসন। সাধারণ এ তথ্য থেকে বোঝা যায়, জিপিএ-৫ পেয়ে বিজ্ঞানের অনেক শিক্ষার্থীই তাঁদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না।শুধু বিজ্ঞানেই নয়, আসনস্বল্পতার কারণে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার অনেক মেধাবী শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়সহ তাঁদের প্রত্যাশার জায়গায় ভর্তি হতে পারবেন না। ভালো ফল করেও তীব্র প্রতিযোগিতার মাধ্যমেই শিক্ষার্থীদের আসন পেতে হবে। তবে কলেজগুলোয় পর্যাপ্ত আসন থাকায় সার্বিকভাবে ভর্তি হতে কোনো সংকট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছেন, ‘সারা দেশের কলেজগুলোসহ সব মিলিয়ে আসনের কোনো সমস্যা হবে না, বরং উত্তীর্ণ সবাই ভর্তি হলেও আসন পূরণ হবে না। তবে এটা ঠিক, মানসম্মত প্রতিষ্ঠানে ভর্তি হতে প্রতিযোগিতা হবে। সব প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করতে পারলেই সমস্যার সমাধান হবে। আমরা সে চেষ্টাই করছি। তা ছাড়া যারা পাস করবে, তারা সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। ডিগ্রি কলেজগুলোতেও ভর্তি হবে।’ গতকাল বুধবার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।গতকাল প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারা দেশে ১০টি বোর্ডে উত্তীর্ণ হয়েছেন পাঁচ লাখ ৭৪ হাজার ২৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে আটটি বোর্ডের এইচএসসিতে পাস করেছেন চার লাখ ৫০ হাজার ২৫৪ জন। ১০টি বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৭৬৯ জন। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। গতবারের চেয়ে এবার পাস করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪০ হাজার ৮৯২ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও বেড়েছে ১০ হাজার ৭৬৫ জন। আটটি বোর্ডের এইচএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩৪ হাজার ৩৮৫ জন। এর মধ্যে বিজ্ঞানে ২০ হাজার ৪০২ জন, মানবিকে তিন হাজার ৭৯৬ জন এবং ব্যবসায় শিক্ষায় ১০ হাজার ১৮৭ জন। এসব উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় সবাই উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তির চেষ্টা করবেন।শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের হিসাব অনুযায়ী, বর্তমানে এমবিবিএসসহ স্নাতক (সম্মান) পর্যায়ে (কলেজসহ) আসনসংখ্যা তিন লাখের কাছাকাছি। ডিগ্রি কলেজগুলোয় পাস কোর্সে রয়েছে দেড় লাখের মতো আসন। ফাজিলেও রয়েছে আরও বেশ কিছু আসন। এর বাইরে কিছু মাদ্রাসায় সম্মান কোর্স চালু করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম প্রথম আলোকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স কলেজগুলোয় প্রথম বর্ষে আসনসংখ্যা প্রায় দুই লাখ। তবে প্রতিবছর এ সংখ্যা বাড়ে। আর ডিগ্রি (পাস) কলেজগুলোয় ছাত্রছাত্রী পাওয়া গেলেই সাধারণত শিক্ষার্থী ভর্তি করা হয়, বরং অনেকে ডিগ্রি কলেজে কাঙ্ক্ষিতসংখ্যক শিক্ষার্থী পায় না।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সূত্রমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কলেজগুলো বাদে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় আসন আছে প্রায় ৪০ হাজার। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় আসন আছে ৬০ হাজারের কিছু বেশি। এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী পাওয়া গেলেই শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। সে জন্য আসন বাড়ে-কমে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ প্রথম আলোকে জানান, সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন রয়েছে দুই হাজার ১১০টি। তবে প্রতিটি কলেজেই ৫ শতাংশ করে এই আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে তিন হাজার ৬১০টি। বুয়েটে আসন রয়েছে ৯৬৫। এ ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে আরও কয়েক হাজার আসন।শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা বলেছেন, সব মিলিয়ে আসনসংকট না হলেও ভালো প্রতিষ্ঠানগুলোয় তীব্র প্রতিযোগিতা করে আসন পেতে হবে শিক্ষার্থীদের।গতবার একই ধরনের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোয় গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবারও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বেশির ভাগ বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত। তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবারও তাদের বলা হবে।