স্পিকার আবদুল হামিদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আসন্ন অধিবেশনেই প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেবে। কারণ বিরোধী দলকে সংসদে পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও সুযোগ দেওয়া হবে। বিরোধী আর সরকারি দল মিলেই সংসদ।আজ বৃহস্পতিবার বাংলাদেশে সফররত ইউএনডিপির প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।প্রসঙ্গত, বর্তমান সংসদের ছয়টি অধিবেশনের ১৬৯ কার্যদিবসে বিএনপির সাংসদরা উপস্থিত ছিলেন মাত্র ৪৬ দিন। আর এ সময় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদে গেছেন মাত্র পাঁচ দিন। গত অধিবেশনের পুরোটাই বর্জন করে প্রধান বিরোধী দল বিএনপি।সাক্ষাত্কালে স্পিকার হেলেন ক্লার্ককে জানান, সংসদে অনেক সময় বিরোধীদলীয় সাংসদরা অনুপস্থিত থাকলেও সংসদীয় কমিটির কার্যক্রমে তাঁরা সক্রিয়। সংসদীয় কমিটিগুলো খুবই ভালো কাজ করছে। তিনি বলেন, সংসদে বিরোধী দলকে সংখ্যানুপাতে বিবেচনা না করে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বসহ সব কার্যক্রমে সমভাবে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।স্পিকার জাতীয় সংসদ ও ইউএনডিপির সম্পর্ককে চমত্কার আখ্যায়িত করে বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনের কাজে বাংলাদেশ খুবই ভালো কাজ করছে। সংসদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মার্চের মধ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের কাজ শেষ হবে। তিনি বলেন, ‘আমরা সংসদকে ই-পার্লামেন্টের পাশাপাশি গ্রিন পার্লামেন্টে পরিণত করতে চাই।’নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ক্লার্ক বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ খুবই ভালো করছে। এ ছাড়া দারিদ্র্য বিমোচন ও মহিলাদের ক্ষমতায়নেও এ দেশের সাফল্য প্রশংসনীয়। সাক্ষাত্কালে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।