আসমা জাহাঙ্গীর পাকিস্তান সুপ্রিম কোর্ট বার সমিতির নেত্রী নির্বাচিত
পাকিস্তানে মানবাধিকার কর্মী ও প্রগতিশীল আইনজীবী আসমা জাহাঙ্গীর দেশটির সুপ্রিম কোর্ট বার সমিতির (এসসিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। এসসিবিএর ইতিহাসে তিনিই প্রথম এবং একমাত্র নারী সভাপতি হয়েছেন।গতকাল বুধবার এ তীব্র প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ ওয়াইসকে ৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান সুপ্রিম কোর্ট বার সমিতির সাম্প্রতিক ইতিহাসে এমন প্রতিদ্বন্দ্বিতা আর হয়নি। দেশের সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে আসমা জাহাঙ্গীরের এ অভূতপূর্ব সাফল্যকে প্রগতিশীল মহল দ্বৈত বিজয় হিসেবে চিহ্নিত করছেন। বিশ্লেষকদের মতে, এটা একদিকে প্রগতিশীল শক্তির জয়; অন্যদিকে নারী অধিকারেরও বিজয়।নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, আসমা জাহাঙ্গীর পেয়েছেন ৮৩৪ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ ওয়াইস পেয়েছেন ৭৯৬ ভোট। দেশব্যাপী পাকিস্তান সুপ্রিম কোর্টে বার সমিতির দুই হাজার ১৭ জন সদস্যের মধ্যে এক হাজার ৭০০ জনেরও বেশি সদস্য এ নির্বাচনে ভোট দিয়েছেন।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পাকিস্তান সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হওয়ায় আসমা জাহাঙ্গীরকে অভিনন্দন জানিয়েছেন।।—ডন ডটকম