আসল শক্তি সুশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নগরের পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রায় ৪২টি প্রতিষ্ঠান। কিন্তু এদের একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। এই সমন্বয়হীনতার কারণ মূলত দুটি: ১. প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এবং ভিন্ন ভিন্ন আইনের ভিত্তিতে পরিচালিত; কখনো কখনো কোনো কোনো প্রতিষ্ঠান একই মন্ত্রণালয়ের অধীনে থাকলেও প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন আইনে চলে; ২. রাজউকের পরিকল্পনা প্রণয়নের সময় প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে সম্পৃক্ত করা হয় না; রাজউকের পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতিও নিশ্চিত করা যায় না। বাস্তবতা হচ্ছে, বর্তমান কাঠামোয় থেকে রাজউকের পক্ষে এক হাজার ৫২৮ বর্গকিলোমিটারের বিশাল এলাকার উন্নয়ন নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভবপর নয়। এটি একেবারে অবাস্তব। সিটি করপোরেশন ছত্রধারী প্রতিষ্ঠান বা আমব্রেলা বডি হিসেবে কাজ করলে উন্নয়ন-পরিকল্পনা বাস্তবায়নের গতি অনেক বাড়বে। গোটা দুনিয়ায় নগর-পরিকল্পনায় সিটি করপোরেশনই ছত্রধারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ঢাকার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। রাজউককে সিটি করপোরেশনের আওতায় নিয়ে এলে দুটো উপকার হবে: ১. সিটি করপোরেশন নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয় বলে জনগণের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন এখানে অনেক বেশি পরিমাণে ঘটবে; ২. রাজউক প্রণীত ও বাস্তবায়িত পরিকল্পনার দায়দায়িত্ব সিটি করপোরেশনের ওপরে বর্তায় বটে, কিন্তু সেসব পরিকল্পনা ও বাস্তবায়নে সিটি করপোরেশনের সংশ্লিষ্টতা থাকে না বলে এ ব্যাপারে তারা উদাসীন থাকে। এর ভোগান্তি ভুগতে হয় সাধারণ নগরবাসীকে। আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে, নগর উন্নয়ন ও পরিকল্পনা অ্যাডহক ভিত্তিতে করার মতো কোনো বিষয় নয়। ভবিষ্যৎ রাজধানীকে আমরা কীভাবে দেখতে চাই, তার লক্ষ্যে বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয় সাধন করে তাদের কর্মপরিকল্পনার প্রস্তাবনা তৈরি করাই মূলত নগর-পরিকল্পনা। জনসংখ্যা, বাসস্থান, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ, শিক্ষা, বিনোদন প্রভৃতি কর্মকাণ্ড পরিকল্পিতভাবে বিন্যস্ত করাই এর মূল লক্ষ্য। তাই এ-জাতীয় বহুমাত্রিক কর্মকাণ্ডের উদ্যোগ ও বাস্তবায়নের জন্য সুশাসন অত্যন্ত জরুরি।উন্নত দেশগুলোতে নগর-পরিকল্পনার খসড়া প্রণয়নের পর স্থানীয় পত্রিকায় এবং বিজ্ঞপ্তি আকারে স্থানীয় এলাকার পরিকল্পনা প্রচার করে এলাকাবাসীর মতামত জানতে চাওয়া হয়। মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সংশোধনী আনার পর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। আমাদের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়গুলো শক্তিশালী করতে পারলে সিটি করপোরেশনের মাধ্যমে খুব সহজেই কাজটি করা সম্ভব।একটি শহরের ‘সর্বোচ্চ আয়তন’ কতটা হতে পারে? আড়াই হাজার বছর আগে প্লেটো তাঁর বিখ্যাত বই রিপাবলিক-এ আদর্শ শহর ও তার জনসংখ্যা কী হতে পারে, তা নিয়ে সুচিন্তিত মত প্রকাশ করে গেছেন। প্লেটোর মতে, একটি আদর্শ শহরে পাঁচ হাজার ৪০টি পরিবার থাকা উচিত। সে হিসাবে আদর্শ শহরের জনসংখ্যা হওয়ার কথা ২০ হাজার। প্লেটো সামাজিক যোগাযোগকে গুরুত্ব দিয়ে বলেছিলেন, ‘একটি নগর-রাষ্ট্র ততটাই বড় হবে, যাতে তার সব নাগরিকের উপস্থিতিতে জনসভা করা যায়।’ এর মাধ্যমে তিনি শহরের স্বয়ংসম্পন্ন উন্নয়নে জনসম্পৃক্ততার কথা বলেছেন। শহরের উন্নয়নে আমরা জনসম্পৃক্ততা নিশ্চিত করতে পারি না বলেই আমাদের শহর আজ মালিকানাহীন। শহরের উন্নয়ন নিয়ন্ত্রণকারী সংস্থা পরিকল্পনা প্রণয়ন করবে স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে এবং শুধু অবকাঠামোগত নাগরিক সুযোগ-সুবিধাগুলোর জন্য পরিকল্পনার সূচক অনুযায়ী জায়গা নির্ধারণ করে দেবে। এই পরিকল্পনার অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়ে দিতে হবে এলাকাবাসীকে। বাকি উন্নয়নের জন্য নিয়ন্ত্রণকারী সংস্থার তদারক ছাড়া আর কিছু করার প্রয়োজন হবে না।আমরা আগেই বলেছি, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে সিটি করপোরেশনকে সম্পৃক্ত করা উচিত। নগর-পরিকল্পনা ও উন্নয়ন একটি বহুমাত্রিক জ্ঞানের প্রয়োগক্ষেত্র বলে এ-জাতীয় কাজের জন্য প্রতিটি সিটি করপোরেশনে একটি ‘প্ল্যানিং টিম’ প্রয়োজন। সেখানে নগর-পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, পরিবেশবিদ ইত্যাদি পেশার বিশেষজ্ঞ ছাড়াও উপদেষ্টা হিসেবে থাকবেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিশিষ্ট নাগরিকেরা। প্রতিটি উন্নয়ন-পরিকল্পনায় তো জনসম্পৃক্ততা অবশ্যই নিশ্চিত করতে হবে। ঢাকা শহরে একেকটি ওয়ার্ডে যে পরিমাণ লোক বসবাস করে, তত মানুষ পৃথিবীর বহু শহরেও থাকে না। প্রকৃতপক্ষে, কোনো ওয়ার্ডে এক লাখের বেশি মানুষ বাস করা অনুচিত। প্রতিটি ওয়ার্ডে একটি করে ‘প্ল্যানিং টিম’ কাজ করলে এলাকার পরিকল্পিত উন্নয়ন ও এলাকাবাসীকে নাগরিকসেবা দেওয়া সহজ হবে। আমাদের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়গুলো শক্তিশালী করতে পারলে কাজটি সিটি করপোরেশনের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব। এসব কাজ সুষ্ঠুভাবে করতে হলে ওয়ার্ডের বর্তমান আয়তন ছোট করতে হবে এবং ওয়ার্ড কাউন্সিলর ও সিটি মেয়রের ক্ষমতা বাড়াতে হবে।আমাদের দেশে প্রতিটি প্রতিষ্ঠান আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করছে বলে ঢাকা অপরিকল্পিত শহর হিসেবে গড়ে উঠছে। তবে সমন্বয়কের দায়িত্ব যিনি পালন করবেন, তাঁকে ক্ষমতাধর হতে হবে। তিনি মন্ত্রী পদমর্যাদার কেউ হলে ভালো হয়।[email protected] মোহাম্মদ শাকিল আখতার: সহযোগী অধ্যাপক, নগর উন্নয়ন ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।এ মাহমুদ: নগর-পরিকল্পনাবিদ।