আসলে সোনার চেয়েও দামি
বড় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হইহল্লা শুনে মানুষ একটু দাঁড়িয়ে যাচ্ছে হ্যান্ডবল মাঠঘেঁষে। কাবাডি কোর্টের পাশে। কী হচ্ছে এখানে? খেলা। গেমস। দক্ষিণ এশীয় গেমস। আটটি দেশের ১৫০ কোটিরও বেশি মানুষের দ্বিবার্ষিক শ্রেষ্ঠ ক্রীড়াযজ্ঞ। জঠর জ্বালায় নিরন্তর ছুটে চলা ব্যস্ত পৃথিবীর মানুষকে এটি খুব একটা টানছে বলে তো মনে হয় না। সময় কোথায়, সময় এখানে সোনার চেয়েও দামি। দুদণ্ড খেলার মাঠে দাঁড়ানোর চেয়ে পেটের ধান্দায় ঘোরাই মহত্ কাজ বলে মনে হয়।তরুণসমাজও কেমন যেন আনন্দ করতে ভুলে গেছে। তারা হয় বই-খাতা নিয়ে স্কুলে-কলেজে ব্যস্ত। ভবিষ্যত্ জীবিকার কিছু একটা উপায় বের করে নেওয়ার ইঁদুরদৌড়ে নেমে পড়েছে। তা হোক। তবু এটা গেমস—এটাও এক ধরনের বাধ্যবাধকতা। আন্তরাষ্ট্রীয়, আঞ্চলিক সহযোগিতা, কূটনীতির অবশ্যপালনীয় বিষয়। বিশাল আয়োজন। কত বিশাল তার সামান্য পরিচিতি তুলে ধরা যাক। ২৩টি খেলার ১৫২টি পদকের জন্য স্বাগতিক বাংলাদেশের সর্বোচ্চ ৩৩২ জনসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের মোট এক হাজার ৭৯৩ জন খেলোয়াড়ের এতে অংশগ্রহণ। আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত প্রধানমন্ত্রীসহ ১৬ জন মন্ত্রী, ক্ষমতাসীন ও বিরোধী দল মিলিয়ে ৫৯ জন সাংসদ। সামরিক-বেসামরিক আমলার সংশ্লিষ্টতার তালিকাটা মাইলখানেক লম্বা। এমনই হওয়া উচিত। এটা দেশের ব্যাপার। দেশকে বহির্বিশ্বের সামনে তুলে ধরার ব্যাপার। দেশের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি দিয়ে অন্য দেশের সঙ্গে সৌহার্দ্যের সেতুবন্ধ গড়ে তোলার অসামান্য সুযোগ এটি। তাই এই গেমসের বাজেট ১৭০ কোটি টাকা।১৭০ কোটি টাকা? গেমস ভেন্যুগুলোর আশপাশে, কিংবা মিডিয়া সেন্টারে গিয়ে এই অঙ্কটা মুখে উচ্চারণ করেই দেখুন, সঙ্গে সঙ্গে সাধারণ গণিতে লেটার মার্কস পাওয়া অনেক ছাত্রের দেখা পেয়ে যাবেন। ১৭০ কোটি কেন, সব মিলিয়ে বাজেট ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জোরালো মত দেবেন অনেকেই। খোদ আয়োজক কমিটির লোকজনকেও এ তালিকায় পাবেন। আয়োজনের চাকচিক্য দিয়েই তো সব হয় না, নিজেদের প্রাপ্তির হিসাবও মিলিয়ে দেখতে হয়। তা কটি সোনার পদক পাবে বাংলাদেশ? এই গেমসকে সামনে নিয়ে অনুশীলন শুরুর প্রথম দিন থেকেই এটি মাথায় ঘুরছে আয়োজকদের। বলতে পারেন মনে মনে সোনার মেডেলের ছবি এঁকেই শুরু পথ চলা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্তাব্যক্তিরা অনুশীলন চলার ফাঁকে কিংবা শেষে ‘গোয়েন্দাগিরি’ চালিয়ে বের করেছেন বাংলাদেশ এবার কম করে হলেও ১৭টি সোনা পাবে। বিওএ মহাসচিব, যাঁর নিরলস কর্মকতত্পরতায় গেমস আয়োজনে ঝাঁপিয়ে পড়া, সেই কুতুবউদ্দিন আহমেদের ধারণা, সোনার সংখ্যা ২০ ছাড়িয়ে যাবে। যদি ধরে নিই সোনা আসবে ১৭টি, তাহলে ১৭০ কোটি টাকার হিসাবে একেকটি সোনার পদকের দাম পড়বে ১৭ কোটি টাকা। আর যদি মোট খরচ ধরি ২০০ কোটি, তাহলে একটি সোনার দাম পড়বে আরও ১৮ লাখ টাকা বেশি। সোনা কি আপনার কাছে প্লাটিনামের মতো দামি মনে হচ্ছে না?তা মনে হোক, কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া উত্সবের পাশে কোথায় এটির অবস্থান তা নির্ণয় করতে গিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার কোনো দরকার নেই। দেড় শতাধিক কোটি মানুষের খেলা, মানে বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বাস যে অঞ্চলে, সেখান থেকে একটি এশীয় রেকর্ড গত ১০টি গেমসে আপনি দেখতে পারেননি। কবে দেখবেন, তা ভবিতব্যই বলতে পারে। তবু এই গেমস হবে। চলতেই থাকবে। মানুষ বিশেষ করে খেলোয়াড়, সংগঠক, সাংবাদিকেরা এই ক্রীড়া উত্সবের জন্য সময় গুনতে থাকবেন। নিজেদের দেশের মাটিতেই হোক বা বিদেশে, একটা চড়ুইভাতি চড়ুইভাতি আমেজে আপনি উদ্বেল হবেন। এর মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন। খুঁজে পাবেন স্বার্থপরতা, নোংরামি, খুঁজে পাবেন মুফতে টাকা কামানোর ধান্দাবাজি। একদিন এক আড্ডায় বিশিষ্ট একজন ক্রীড়া সংগঠক, যিনি প্রায় ৪০ বছর ধরে ক্রীড়াঙ্গনে আছেন, বললেন, ‘১৭০ কোটি টাকার গেমস যদি হয়, তাহলে এর থেকে ৭০ কোটি টাকা মানুষের পকেটে যাবে।’ ভদ্রলোক তাঁর বিশাল অভিজ্ঞতা থেকেই এটি বলেছেন বলে দ্বিমত করা গেল না।তবে এ কথা আর নতুন কী! বাংলাদেশের মানুষ সব সময়ই সহজ পথে টাকা কামানোর ধান্দা করে। এমন অপচয় হবে—এটা জেনেশুনেই তো গেমসের আয়োজন। আসল উদ্দেশ্য, আমাদের দেশটা কতটা এগোল অন্য দেশগুলোর কাছে তা তুলে ধরা। ঢাকা স্টক একচেঞ্জের সূচকের সঙ্গে এটি তুলনীয় অবশ্যই নয়। এটি দীর্ঘস্থায়ী। দীর্ঘ ছাপ রেখে যায়।আর ক্রীড়া ক্ষেত্রে এগোনো মানেই কিন্তু সত্যিকারের এগিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র, চীন অর্থনৈতিক পরাশক্তি, ক্রীড়া ক্ষেত্রেও কি নয়! যে জাতি যত বেশি ক্রীড়ামনস্ক, সে জাতি তত উন্নত। আর তা-ই দেখা যায় একটা গেমসের আয়োজক হওয়ার জন্য দেশে দেশে কত প্রতিযোগিতা।এই প্রতিযোগিতা নিজের সামর্থ্যের সমান্তরাল, ব্যারেন পিয়েরে দ্য কুবার্তিনের মহান আদর্শের অনুসারী হওয়াই উচিত। যেনতেনভাবে সোনা জিতে দেশের সম্মান বাড়ানোর অপচেষ্টার মধ্যে যদি গেমস আয়োজনের সার্থকতা গিয়ে পথ খোঁজে, তাহলেই মুশকিল। ওটা বরং লজ্জার। এই মহান আয়োজনের মধ্যেও একটা লজ্জা আমাদের পেতে হলো ‘সোনাবুভুক্ষু’ কিছু কর্মকর্তার কারণে। সাইক্লিংয়ের ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্টে চিংবাই মারমা সোনা জিততেই পারতেন। তেমন গতিতেই এগিয়ে যাচ্ছিলেন তাঁর সাইকেল নিয়ে। সোনা না হলেও রুপা জিততেন। জাতি তাতে আশাহত হতো না। কিন্তু এক কর্মকর্তা যিনি বিচারকের দায়িত্ব পালন করছিলেন মোটরসাইকেলে চড়ে, তাঁকে ঠেলে দিতে গেলেন। চৌর্যবৃত্তি নিরপেক্ষ বিচারকের দৃষ্টি এড়ায়নি। ধরা পড়ে গেলেন। আরেকজনের পাপে অযোগ্য ঘোষিত হলেন দেশের প্রতিযোগী। আন্তর্জাতিক সাইক্লিং ফেডারেশনের খাতায় কালো দাগ পড়ে গেল বাংলাদেশের নামের পাশে। ‘অপকর্মের’ শাস্তি হয়তো পাবেন ওই কর্মকর্তা। সাইক্লিং ফেডারেশনের বিরুদ্ধেও হয়তো ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে কলঙ্কের দাগ পড়ল জাতির কপালে, তা মুছবেন কী করে? গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আলোর মধ্যেও এ রকম একটা আঁধার গ্রাস করল সেদিন সারা দেশকে। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর মুখেও কি অন্ধকার দেখা যায়নি? নেপালের যে কজন খেলোয়াড়ের সেদিন অনুষ্ঠানের আলো গায়ে মাখার কথা ছিল, তাঁরা তখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করলেন। একটা আবাসিক হোটেলের লিফটের তার ছিঁড়ে আহত হয়েছেন তাঁরা। এটাও লজ্জার। আসলে জাতীয় লজ্জা। দেশের জন্য প্রাণপণ লড়ে সোনা জিতে আনছেন খেলোয়াড়েরা। সেদিন বাবার মৃত্যুশোক বুকে নিয়েও সাখাওয়াত হোসেনের কৃতিত্বে গলফ থেকে দলগত সোনাটি আসার পর মিডিয়া সেন্টারকে মনে হলো ‘সব পেয়েছির দেশ’। দেশের প্রায় সব সাংবাদিক বলাবলি করলেন, হবে, অপ্রচলিত খেলা থেকেই যখন সোনা এল, তখন বাংলাদেশ এবার অনেক সোনার পদক গলায় পরবে! এ লেখা যখন পড়বেন, হয়তো বাংলাদেশ তার লক্ষ্যের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে। তবে তার আগে আমরা আরেকটা লক্ষ্যের দিকে এগিয়ে গেলাম কি না সেটা দেখাও জরুরি ছিল। হীন চেষ্টায় সোনা জেতাই সব নয়, সততা ও আন্তরিকতার সঙ্গে কতটা সফল আয়োজক হতে পারলাম সেটাও গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশীয় গেমস পৃথিবীর ক্রীড়া মানচিত্রে যত ক্ষুদ্রই হোক, চেতনায় সে বিশাল। ঠিক অলিম্পিকের মতো। আদর করে আমরা একে ডাকি ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’।