আসাদ-বিরোধী সাত নেতার সঙ্গে বৈঠক করছেন হিলারি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সিরিয়ার ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার সুইজারল্যান্ডে এ বৈঠক হওয়ার কথা।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, হিলারি জেনেভা সফরের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সিরিয়ার সাত রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করবেন। তবে কোন রাজনীতিবিদের সঙ্গে বা বৈঠকে কী নিয়ে আলোচনা করা হবে, সে ব্যাপারে কিছুই জানাননি ওই কর্মকর্তা।গত ২ আগস্ট ওয়াশিংটনে হিলারি প্রথমবারের মতো সিরিয়ার সরকারবিরোধী কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন মনে করে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে সিরিয়া ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সিরিয়ার বিরুদ্ধে আরব লিগ ও তুরস্কের নিষেধাজ্ঞা আরোপকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো সরকারবিরোধীদের সহিংস বিক্ষোভে সিরিয়ার পরিস্থিতি জাতিগত বিবাদ এমনকি গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের তথ্যমতে, গত মার্চে শুরু হওয়া আসাদ-বিরোধী এ বিক্ষোভে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।