আসাদ-সমর্থক টিভিতে হামলা, ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকার-সমর্থক একটি টিভি চ্যানেলের প্রধান কার্যালয়ে আজ বুধবার একদল বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে।সানা সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সকালের এই হামলায় দামেস্কের ইখবরিয়্যা টিভির কয়েকজন সাংবাদিক ও নিরাপত্তারক্ষীরা নিহত হয়েছেন।এর কয়েক ঘণ্টা আগে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক বক্তব্যে বলেছিলেন, দেশটিতে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, দেশটি এক দীর্ঘ যুদ্ধ ও সংগ্রামের পথে অগ্রসর হচ্ছে। বৈরুতের বিবিসি সংবাদদাতা জিম মুইর জানান, দামেস্ক থেকে ২০ কিলোমিটার দূরে দ্রুশা শহরে ইখবরিয়্যা টিভির প্রধান কার্যালয়ে এ হামলা চালানো হয়। ঘটনার পরে রাষ্ট্রীয় টিভি নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে উদ্ধারকাজ সরাসরি সম্প্রচার করতে থাকে।টিভিতে বিধ্বস্ত হওয়া ভবন দেখা যায়। তখনো সেখান থেকে আগুনের ধোঁয়া উঠছিল।সিরিয়ার তথ্যমন্ত্রী ওমর আল-জোয়েবি ঘটনাস্থল পরিদর্শনের পরে সাংবাদিকদের বলেন, নিহতদের অনেককে জোর করে আটকে রাখা হয়েছিল এবং পরে ঠান্ডা মাথায় তাদের হত্যা করা হয়। সরকারি গণমাধ্যমের ওপরে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ জারির সিদ্ধান্তেরও নিন্দা জানান তিনি।ঘটনার পরে দামেস্কের আশপাশে সরকারবিরোধীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে বলে দাবি করেছে বিরোধীরা। তাঁরা বলেছে, সংঘর্ষের মাত্রা এযাবত্কালে সর্বোচ্চ।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দেশটির রিপাবলিকান গার্ডের সদর দপ্তরের আশপাশেও সংঘর্ষ চলছে। রিপাবলিকান গার্ডের দায়িত্বে আছেন প্রেসিডেন্ট বাশারের ছোট ভাই মাহের।