আসাদ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার, অচলাবস্থা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল শনিবার মো. রফিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফতেহপুর এলাকা থেকে রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। আসাদ হত্যার বিচার এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির কারণে গতকাল শনিবারও শহর থেকে ক্যাম্পাসে কোনো শাটল ট্রেন চলাচল করেনি। এ কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগের ক্লাস ও পরীক্ষা হয়নি। এদিকে অবরোধকারীদের প্রতিহত করতে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগকে মাঠে নামানো হতে পারে বলে জানা গেছে।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ হত্যা মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি রফিক। প্রায় দুই কিলোমিটার পথ ধাওয়া করে গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় তাঁর একটি দোকান আছে। রফিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল্লাহ কাউছার বলেন, রফিককে নিয়ে আসাদ হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আসাদ গুরুতর আহত হন। পরদিন বিকেলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে লাগাতার অবরোধের ডাক দেয়।ছাত্রলীগের টানা অবরোধের কারণে পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয় অচল হয়ে আছে। বিশ্ববিদ্যালয় থেকে শহরের মধ্যে চলাচলকারী মিনিবাস ‘তরী’ সীমিত আকারে চলাচল করছে। তবে ট্রেনের চালক অপহরণের পর থেকে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। তবে ক্যাম্পাস কিংবা শহরে অবরোধকারীদের কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সকাল থেকে শাটল ট্রেন চালাতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করে। কিন্তু চালককে আবারও অপহরণ করা হতে পারে—এ আশঙ্কায় কর্তৃপক্ষ ট্রেন চালাতে রাজি হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, শাটল ট্রেন চালাতে রেলওয়েকে অনুরোধ করা হয়েছে। কিন্তু রেলওয়ে পুলিশ ট্রেনচালকের নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে। তারা উল্টো উদ্ভট অনুরোধ জানিয়ে বলেছে, ট্রেন চালাতে হলে ইঞ্জিনের ওপর শিক্ষককে বসে থাকতে হবে।জানা গেছে, গত শুক্রবার এবং এর আগে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতারা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর বাসভবনে তিন দফা বৈঠক করেছেন। এসব বৈঠকে তাঁরা অবরোধকারীদের বিরুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মাঠে নামার সিদ্ধান্ত নেন। এ সপ্তাহে তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সমাবেশ করারও সিদ্ধান্ত নিয়েছেন। মহানগর ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক এম আর আজিম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে কিছু স্বার্থান্বেষী উঠে পড়ে লেগেছে। আমরা তাদের ষড়যন্ত্র, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শান্তি সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য সমমনা সংগঠনগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ মেয়র মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ। আবার বর্তমানে যাঁরা আন্দোলন করছেন, তাঁরাও একসময় মেয়রের ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু আবু ইউসুফের বিরুদ্ধে আন্দোলনে নামায় মেয়র তাঁদের থেকে মুখ ফিরিয়ে নেন। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি নানাভাবে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ আছে।মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারবিরোধীদের মদদে কয়েক দিন ধরে ছাত্রলীগের নাম ব্যবহার করে কিছু উচ্ছৃঙ্খল যুবক শহর ও ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যারা আন্দোলন করছে, তাদের কেউ-ই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। উপাচার্য আবু ইউসুফকে সরিয়ে তারা কাকে সেখানে বসাতে চায়?’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ‘কেউ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার এখতিয়ার রাখে না। আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চেয়েছি। এ দাবিতে অবরোধ চলছে। বিষয়টি এখন প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চলে গেছে। উচ্চপর্যায় থেকে আমাদের যে নির্দেশ দেওয়া হবে, আমরা তা পালন করব।’