চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগের সাবেক কর্মী সরওয়ার কামাল ওরফে লিটনকে (৩২) গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে বিকেলে হাটহাজারী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে মামলার আরেক আসামি রফিক রিমান্ডে পুলিশকে জানিয়েছে, আসাদ হত্যাকাণ্ডে সরওয়ারের হাত থাকতে পারে। আসাদ হত্যাকারীদের বিচার ও উপাচার্য আবু ইউসুফের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। অবরোধ কর্মসূচির কারণে গতকালও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রফিক রিমান্ডে তাদের বলেছেন, আসাদ হত্যাকাণ্ডে স্থানীয় যুবক সরওয়ারের হাত থাকতে পারে। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নন্দীরহাট এলাকায়। তাঁর বাবার নাম আবদুর রহিম। তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে রিমান্ডে রফিক নিজেকে নির্দোষ দাবি করেন। গত রোববার সন্ধ্যায় রেলওয়ে পুলিশ রফিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।পুলিশ সূত্রে জানা গেছে, রফিকের কাছ থেকে তথ্য পাওয়ার পর গতকাল পুলিশ প্রথমে সরওয়ারের গ্রামের বাড়িতে অভিযান চালায়। তবে ওই সময় বাড়িতে কেউ ছিল না। পরে মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তারের পর সরওয়ারকে নিয়ে গতকাল রাতে পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত আটটা) কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানা যায়নি।পুলিশ সূত্র জানায়, পয়লা বৈশাখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সাবেক নেতা সরওয়ার কামালের স্ত্রীকে কিছু বখাটে যুবক লাঞ্ছিত করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জের ধরে আসাদ খুন হয়েছেন কি না, পুলিশ তা যাচাই করে দেখছে। আসাদ হত্যাকাণ্ডের সঙ্গে গ্রামের কয়েকজন যুবক জড়িত। অচলাবস্থা কাটছে না: ছাত্রলীগের অবরোধের কারণে গতকালও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো শাটল ট্রেন চলাচল করেনি। চলেনি ছাত্রদের কোনো বাস। তবে পুলিশ পাহারায় শিক্ষকদের কয়েকটি বাস ক্যাম্পাসে গেছে। কিন্তু এতে শিক্ষকদের উপস্থিতি ছিল খুবই কম। বিশ্ববিদ্যালয়ে গতকালও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম পুলিশের মহাপরিদর্শকসহ (আইজি) সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে বলেছেন, রেল পুলিশের অসযোগিতার কারণে বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চালানো যাচ্ছে না। তিনি শাটল ট্রেন নিয়মিত চালু রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।তবে রেল পুলিশের সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা সবসময় ট্রেন চলাচলে সহায়তা দিতে রাজি আছি। কিন্তু ছাত্ররা আন্দোলনের নামে যেভাবে ট্রেন, এমনকি শিক্ষক-বাসে হামলা চালাচ্ছে, তাতে আমরা ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। ছাত্র-শিক্ষকদের মধ্যে সমঝোতা হলে আমাদের ট্রেন চালাতে আপত্তি থাকবে না।’ রিমান্ড শুনানি কাল: মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ ছাত্রের রিমান্ড শুনানি কাল বুধবার অনুষ্ঠিত হবে। গত ২৯ মার্চ হারুন খুন হন। ১৫ এপ্রিল গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে পুলিশ জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল, শান্তনু মহাজন, অমিত বসু, রাসেল বড়ুয়া ও আসতারুল হক ওরফে আকতারকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কায়সার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।