চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র, ছাত্রলীগের কর্মী মো. আসাদুজ্জামান হত্যার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। মাত্র তিন মাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র খুন হওয়ায় বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসন উদ্বিগ্ন। আগের দুই হত্যাকাণ্ডের ঘটনায় কেউই গ্রেপ্তার হয়নি। এভাবে চলতে থাকলে খুনের ঘটনা বাড়তে থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে। এদিকে গতকাল শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলার ভিটি গ্রামে পারিবারিক কবরস্থানে আসাদের লাশ দাফন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়। বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা হলেন সামুদ্রিক বিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদ-উন-নবী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আলী হায়দার ও পরিসংখ্যান বিভাগের এমদাদুল হক। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে প্রায় ২০০ গজ দূরে গত বৃহস্পতিবার রাতে রেললাইনের ওপর লুঙ্গি পরা অজ্ঞাত তিন সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে আসাদ গুরুতর আহত হন। শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১১ ফেব্রুয়ারি রাতে নগরের ষোলশহর স্টেশনে রাজনীতিবিজ্ঞানের ছাত্র এ এ এম মহিউদ্দিন এবং ২৯ মার্চ রাতে চৌধুরীহাট এলাকায় মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার খুন হন।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রই রেলওয়ে সীমানার মধ্যে খুন হন। খুনের ধরনও একই। প্রতিটি খুনের ঘটনায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ বলেন, ‘আমার মনে হয়, তিন খুন এক সুতোয় গাঁথা। বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে সন্ত্রাসীরা একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে।’হত্যাকারীরা শনাক্ত হয়েছে কি না, এমন প্রশ্নে উপাচার্য বলেন, ‘মহিউদ্দিন ও হারুনের হত্যাকারীদের সব তথ্য এখন পুলিশের হাতে। তাঁরা আমাকে হত্যাকারীদের সম্পর্কে তথ্য দিয়েছে। আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পুলিশের দেওয়া তথ্য জানিয়ে হত্যাকারীদের আইনের আওতায় আনার অনুরোধ করেছি।’রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান গতকাল আসাদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘মহিউদ্দিন হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে। আর হারুন ও আসাদ হত্যাকাণ্ডের তদন্ত করছে রেলওয়ে পুলিশ। হারুনের সন্দেহভাজন হত্যাকারীদের নামধাম পাওয়া গেছে।’চার মামলা: ছাত্রলীগের কর্মী আসাদ হত্যা এবং পরবর্তী সহিংস ঘটনায় হাটহাজারী ও চট্টগ্রাম জিআরপি থানায় চারটি মামলা হয়েছে। শুক্রবার রাতে ছাত্রলীগের কর্মী মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে জিআরপি থানায় হত্যা মামলা করেন। এতে স্থানীয় লিটন, সোহান, ওয়াসিম, রাশেদ, রফিক, মামুন, হারুনসহ ১০-১২ জনকে আসামি করা হয়।হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি, একই থানার এসআই আবুল কাসেম অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আরেকটি এবং স্থানীয় জাহাঙ্গীর গ্রামবাসীর ওপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাঙচুরের চেষ্টার অভিযোগে আট ছাত্রকে আসামি করে আরেকটি মামলা করেন। পুলিশ ও গ্রামবাসীর দায়ের করা তিন মামলার আসামিরা হলেন জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল, আসতারুল হক ওরফে আকতার, রায়হান, রাসেল বড়ুয়া, শান্তনু মহাজন, ফয়সাল, সজীব ও অমিত বসু। এদের মধ্যে ব্ল্যাক জুয়েল, আকতার, শান্তনু ও রাসেল কারাগারে আছেন।ছাত্রলীগের অবরোধ স্থগিত: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের জন্য ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা স্থগিত করায় গতকাল ছাত্রলীগ অবরোধ কর্মসূচি পালন করেনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ‘ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা স্থগিত থাকায় আমরা আপাতত কর্মসূচি পালন করছি না। আমাদের পাঁচ দফা দাবি না মানা হলে ১৯ এপ্রিল থেকে আমরা কর্মসূচি পালন করব।’ উপাচার্য, প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ছাত্রলীগ গত শুক্রবার লাগাতার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল।