আসাদপক্ষ ছেড়ে প্যারিসমুখী সিরীয় জেনারেল
পক্ষত্যাগ করে সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ ও দেশটির এক প্রভাবশালী সুন্নি পরিবারের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তালাস। পারিবারিক সদস্যের দাবি, তুরস্ক সীমান্ত দিয়ে সিরিয়া থেকে পালিয়েছেন তালাস। বর্তমানে তিনি প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন বলে আজ বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস জানান। ফ্যাবিয়াসের মতে, তালাসের এ পক্ষত্যাগ বর্তমান শাসনক্ষমতার ওপর একটি শক্ত আঘাত। এ ঘটনায় প্রমাণিত হয়েছে, আসাদের সহযোগীরা বুঝতে পেরেছে বর্তমান সরকার আর বেশিদিন টিকবে না। এর আগে সরকার-সমর্থক ওয়েবসাইট সিরিয়াস্টেপস জানিয়েছে, জেনারেল তালাস নিজ দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ নিয়েছেন মাত্র। তাঁর এ চলে যাওয়ার বিষয়টি ‘তুচ্ছ’।তবে তালাসের পক্ষত্যাগের বিষয়টি সিরিয়ায় ১৬ মাস ধরে চলা বিক্ষোভের সবচেয়ে আলোচিত ঘটনা। এর আগে চলতি বছরের মার্চেও তালাসের পক্ষত্যাগ নিয়ে গুজব উঠেছিল।বিবিসি জানায়, তালাসের পক্ষত্যাগের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে জনসম্মুখে এলেই তাঁর পরিকল্পনার স্বরূপ জানা যাবে।এদিকে তালাসের পক্ষত্যাগকে স্বাগত জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের সরকারবিরোধী পক্ষগুলো। দামেস্কভিত্তিক তেমনই এক বিরোধী দলের কর্মী আমর আল-সাদেক তালাসের এ পক্ষত্যাগের ভালোর পক্ষে আরও এক ধাপ উন্নতি বলে মনে করছেন। সাদেক বলেন, সেনাদের পাশাপাশি পদস্থ কর্মকর্তারাও পক্ষত্যাগ করছে। এ প্রবণতা বাড়তে থাকলেও তা বর্তমান শাসনক্ষমতাকে আরও নড়বড়ে করবে। জানা গেছে, মানাফ তালাস ছিলেন সিরিয়ার এলিট রিপাবলিকান গার্ডের চল্লিশোর্ধ্ব বয়সী একজন কমান্ডার। যৌবনের শুরুতে তিনি প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সামরিক প্রশিক্ষণ শুরু করেন। বর্তমান সরকারের নিরাপত্তা পরিকল্পনার বিরোধিতা করায় ২০১১ সালের মে মাস থেকে তাঁকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল।