আসাদবিরোধী আন্দোলনের আইকন এক নারী (ভিডিও)
সিরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ফাদওয়া সুলাইমান। বিদ্রোহ করেছেন সরকারের বিরুদ্ধে, নিজ গোত্রের বিরুদ্ধে, এমনকি পরিবারের বিরুদ্ধে। জানতেন এর শাস্তি মৃত্যুদণ্ড। তবুও দমেননি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলনের আইকন তিনি।প্রেসিডেন্ট আসাদ যে আলাবাইত গোত্রের, সুলাইমানও সেই একই গোত্রের। এতেই স্তম্ভিত হয়ে যায় দেশের বহু মানুষ। সিরিয়ার অন্যতম প্রধান শহর হোমসে যেদিন তিনি বিক্ষোভ করেন, সেদিন অনেকেই নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি। আল-জাজিরা টেলিভিশনে ওই দৃশ্য সম্প্রচারের পর সুলাইমানের পরিবার তাঁকে ত্যাজ্য ঘোষণা করে।সুলাইমান এখন আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি আল-জাজিরা টেলিভিশন তাঁর একটি সাক্ষাত্কার নিয়েছে। আর সেখানে সাহসী এই অভিনেত্রী জানিয়েছেন তাঁর ভাবনাগুলো।
কেন বিক্ষোভের কথা ভাবলেন—এমন প্রশ্নের জবাবে সুলাইমান বলেন, ‘হোমস শহরটি অবরুদ্ধ হয়ে আছে। শহরটিতে সব সময় সেনাবাহিনীর ট্যাংক মোতায়েন থাকে। যখন-তখন শোনা যায় গুলির শব্দ। প্রতিনিয়ত জীবন হুমকির মুখে। আমি এ অবস্থার প্রতিবাদে বিক্ষোভ করেছি। সরকারকে এ বিক্ষোভের মাধ্যমে জানাতে চেয়েছি, সিরিয়ার সব অধিবাসী এক। সিরিয়ার সরকার দেশটিতে জাতি বা গোষ্ঠীগত বিভেদ টিকিয়ে রাখতে চায়। এভাবে আসাদ সরকার তাঁর অবস্থান পাকাপোক্ত করতে চায়। আমি দেশবাসীর সামনে এটা জানাতে চেয়েছি। আর এ কারণেই বিক্ষোভ করেছি।’ তিনি বলেন, ‘আমি আরও জানাতে চেয়েছি সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা কোনো বিদেশি বা জঙ্গি নয়। বরং তারা দেশকে ভালোবেসে বিক্ষোভ করছে।’ বিক্ষোভের ঘটনাটি আল-জাজিরায় সম্প্রচারের পর আপনার জীবনে কী পরিবর্তন এল—এ প্রশ্নের উত্তর সুলাইমান বলেন, ‘বিক্ষোভের শাস্তি হয় মৃত্যু অথবা কারাবরণ, এমনটি জেনেই আমি হোমসের মঞ্চে স্লোগান দিয়েছি। আমার জীবন এখন হুমকির মুখে। আমাকে ধরতে সেনাবাহিনী আশপাশের এলাকায় একের পর এক অভিযান চালাচ্ছে। আমার অবস্থান জানার জন্য তারা বহু মানুষকে নির্যাতন করছে।’ আপনার আলাবাইত গোত্রের কতজন আসাদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিচ্ছে? এ প্রশ্নের উত্তর সুলাইমান আল-জাজিরাকে বলেন, এ গোত্রের বহু সাধারণ মানুষই আসাদের বিরুদ্ধে। এমনকি সরকার পতনের আন্দোলন শুরু হওয়ার বহু আগেই তারা আসাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে।আসাদ সরকারের পতন আলাবাইত গোত্রের লোকজনের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এ ব্যাপারে উদ্বিগ্ন কি না—জানতে চাইলে সুলাইমান বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারা মানুষকে ধরে ধরে মেরে ফেলছে। আমরা এসব সম্পর্কে জনগণকে সচেতন করতে চাই। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট আসাদের বাবা সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ এমন এক ভাবমূর্তি স্থাপন করেছিলেন যেন তিনিই সংখ্যালঘু আলাবাইত সম্প্রদায়ের একমাত্র রক্ষক। এভাবে এই সম্প্রদায়কে রক্ষা করার নামে তিনি একের পর এক শহর ধ্বংস করেছেন, মানুষকে হত্যা করেছেন। আর এসব করে সংখ্যালঘুদের বোঝাতে চেয়েছেন যে তিনি ছাড়া তাঁরা নিরাপদ নন; কিন্তু এটি ভুল।ইসলামপন্থীদের শাসনকে ভয় পান কি না—এমন প্রশ্নের উত্তরে সুলাইমান বলেন, যদি সিরিয়াবাসী গণতান্ত্রিকভাবে তাদের নির্বাচিত করে, তাহলে ভয়ের কিছু নেই। এখানকার মুসলিমরা কট্টর বা গোড়া নন। তবে রাষ্ট্রীয় টেলিভিশন সিরিয়ার মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।সিরিয়ায় গৃহযুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে কি না বা সিরিয়া কোন দিকে ধাবিত হচ্ছে, এমন প্রশ্নের জবাবে সুলাইমান বলেন, গৃহযুদ্ধের আশঙ্কা অমূলক নয়। আসাদ সরকার যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। তিনি বলেন, ‘আপনি সিরিয়ার রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন সমস্যাটা জাতিগত বা গোষ্ঠীগত নয়। যারা সিরিয়ার মানুষের রক্তে হাত রাঙিয়েছে সমস্যাটা সেই শাসকদের নিয়ে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তবে আমি সিরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পক্ষে নয়। এ মুহূর্তে মানবিক বিপর্যয় এড়াতে বিশ্ববাসীর আন্তরিক কোনো পদক্ষেপ সিরিয়াকে বাঁচাতে পারে।’