আসাদের পক্ষ ছাড়লেন ইরাকে সিরীয় রাষ্ট্রদূত
ইরাকে অবস্থানকারী সিরীয় রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার ক্ষমতাসীন বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের দলে যোগ দিয়েছেন। তিনি দেশটির রাজনীতিবিদ ও সেনাবাহিনীকেও তাঁর পথে আসার আহ্বান জানিয়েছেন।সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত সানা সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ বিবিসি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত নাওয়াফ ফারেসকে বরখাস্ত করেছে। সেনাবাহিনীর একজন জেনারেলের সরকার পক্ষ ত্যাগ করে বিরোধীদের সঙ্গে যোগ দেওয়ার এক সপ্তাহ পরে নাওয়াফ এই ঘোষণা দিলেন। তিনি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এবং আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে তাঁর সিদ্ধান্ত জানান।টেলিভিশনের একটি ফুটেজে দেখা যায়, সরকারবিরোধীদের টাঙানো পতাকার সামনে বসে নাওয়াফ তাঁর পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। তিনি সিরিয়ার রাষ্ট্রদূতের পদ এবং ক্ষমতাসীন বাথ পার্টির সদস্য পদ ত্যাগ করেন। তিনি বলেন, ‘আমি পার্টির অন্য সব সদস্যকেও একই কাজ করার আহ্বান জানাই। কারণ, বর্তমানে সরকার জনগণের ওপর নিপীড়ন চালানোর একটি যন্ত্রে পরিণত হয়েছে। জনগণের মুক্তি ও মর্যাদাকে পদ দলিত করে চালানো হচ্ছে অত্যাচার।’